ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনের শেষভাগে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় বুধবার দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে লেনদেনে মন্দা ছিল।
বিদ্যুৎ, ব্যাংক, ওষুধ ও সিমেন্ট খাতসহ অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।
এস এ আর সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বলেন, "চিন্তার কিছু নেই। মুনাফা তুলে নেওয়ায় এমনটি ঘটছে। তবে প্রতিষ্ঠানের মূলনীতি জেনে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা উচিত।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৭ দশমিক ৫১ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ কমে ২৫৪৭ দশমিক ১৬ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৩ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ কমে হয়েছে ২১১৬ দশমিক ৩৮ পয়েন্ট।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ১৬০ কোটি টাকার ৬৭ লাখ ১০ হাজার ৮৮৪টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।
ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্রাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৭৩ শতাংশ কমে হয়েছে ১২৯৫ টাকা।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে কমেছে এক দশমিক ৯৫ শতাংশ। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দিনশেষে ৬২৮ টাকা ২৫ পয়সা হয়।
সামিট পওয়ারের শেয়ারের দাম ৩ দশমিক ৩১ শতাংশ কমে হয়েছে ১৩২৬ টাকা ৫০ পয়সা। ডেসকোর শেয়ারের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১১৯৯ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়।
ইউসিবিএল এর শেয়ারের দাম ২ দশমিক ২৫ শতাংশ কমে ৪১৫৭ টাকা ৫০ পয়সা হয়।
অপর প্রতিষ্ঠানগুলোর ভেতর অ্যাপেক্স ফুটওয়ার ও আফতাব অটোমোবাইলের শেয়ারের দাম বাড়লেও সিটি ব্যাংক, সক্য়ার ফার্ম ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল পপুলার লাইফ ইন্সুরেন্স, এএসসিএল (প্রাণ) ও অ্যাপেক্স ফুটওয়ার। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল নিলয় সিমেন্ট, পিপলস ইন্সুরেন্স ও প্রাইম ইন্সুরেন্স।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২০ কোটি ৩৪ লাখ টাকার ১০ লাখ ১০ হাজার ৭৮৯টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৯টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/০০৫৮ ঘ.
bdnews24