ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৈধ ব্যাংকিং চ্যানেলে ২০০৬ সালে কমপক্ষে দেড় লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন এমন ১৪ জন অনাবাসী বাংলাদেশীকে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপুর্ণ ব্যক্তি) মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিগত জোট সরকার প্রণীত নীতিমালা অনুযায়ী এ মর্যাদা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
নীতিমালা অনুসারে দেশে কিংবা বিদেশে করখেলাপি বা ঋণখেলাপি ব্যক্তি সিআইপি মর্যাদা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।
এর পাশাপাশি ব্যাংকের মাধ্যমে যে সব প্রবাসী বছরে দেড় লাখ ডলারের কম কিন্তু পাঁচ হাজার ডলারের বেশি অর্থ পাঠিয়ে থাকেন সে সব অনাবাসীকে বিশেষ নাগরিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল মতিন চৌধুরী বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, "অনবাসী বাংলাদেশীকে সিআইপি মর্যাদা দেওয়ার জন্য ১৪ জনের নাম সুপারিশ করে অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।"
আব্দুল মতিন চৌধুরী আরো বলেন, "যে সব প্রবাসী বছরে দেড় লাখ ডলারের কম অর্থ দেশে পাঠিয়ে থাকেন তাদের বিশেষ নাগরিক সুবিধা দেওয়ার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে ইতিমধ্যেই কয়েকটি বৈঠক হয়েছে। খুব শিগগিরই নীতিমালাটি চূড়ান্ত হবে বলে আমি আশা করছি।"
বিশেষ নাগরিক সুবিধা দেওয়া হলে প্রবাসীরা নিজেদের সম্মানিত বোধ করবেন। পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে আরও বেশি বৈদেশিক মুদ্রা পাঠানোর ব্যাপারে তাদের আগ্রহ বাড়বে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত সচিব।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনাবাসী বাংলাদেশীকে বিশেষ নাগরিক সুবিধা দেওয়ার জন্য যে নীতিমালা তৈরি হচ্ছে তাতে অন্তর্ভুক্ত হতে পারে এ রকম উল্লেখযোগ্য সুবিধাগুলো হচ্ছে, অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সেবা, দ্রুততম সময়ে জমিজমার নিবন্ধন এবং জমিজমা সংক্রান্ত মামলায় আইনি সহায়তা দেওয়া।
অনাবাসী বাংলাদেশীকে সিআইপি মর্যাদা দেওয়ার জন্য ২০০৬ সালের ২৬ জুলাই তৎকালীন জোট সরকার একটি নীতিমালা প্রণয়ন করে। নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সিআইপি মর্যাদা পেতে সরকারের কাছে আবেদন করতে হবে।
বছরে কমপক্ষে দেড় লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বৈধ ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে পাঠাতে হবে- এ নীতিমালায় এই বিধান রেখে একজন অনাবাসী বাংলাদেশীকে সিআইপি মর্যাদা দেওয়ার প্রাথমিক যোগ্যতা নির্ধারণ করা হয়। তবে ওই ব্যক্তি দেশে অথবা বিদেশে কর খেলাপি অথবা ঋণ খেলাপি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন।
এছাড়া আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে নির্ধারিত সাজা ভোগ করার পর পাঁচ বছর অতিক্রান্ত না হলে সিআইপি মর্যাদা পাওয়ার যোগ্য হবেন না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএসবি/এমএইচবি/২২৫২ ঘ.
bdnews24