২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় ফুরিয়ে আসছে, বাড়ছে অঘোষিত আয় বৈধ করার পরিমাণ

অঘোষিত আয় বৈধ করার সময়সীমা কমে আসার সঙ্গে সঙ্গে এ সুবিধা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে চলতি সপ্তাহের প্রথম তিন কার্য দিবসে আয় বৈধ করেছেন ৫৮৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অঘোষিত আয় বৈধ করার সময়সীমা কমে আসার সঙ্গে সঙ্গে এ সুবিধা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে চলতি সপ্তাহের প্রথম তিন কার্য দিবসে আয় বৈধ করেছেন ৫৮৪ জন। ৩০ সেপ্টেম্বরের পর আর এ সুবিধা দেওয়া হবে না বলে রোববার ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান। এরপরই অঘোষিত আয় বৈধ করার পরিমাণ বেড়ে যায়। রাজস্ব বোর্ডের হিসাবে, ৪ জুন থেকে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত ১৫ হাজার ৮৬৭ জন তাদের দুই হাজার ৫৮৫ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৮২৫ টাকার অঘোষিত আয় বৈধ করেছেন। এ থেকে সরকার কর পেয়েছে ৪৫৮ কোটি এক লাখ ৮৪ হাজার ৯১৬ টাকা। গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৫ হাজার ২৮৩ জন দুই হাজার ৪৩০ কোটি টাকা বৈধ করেন। এ হিসাবে গত তিন দিনে ৫৮৪ জন বৈধ করেছেন এক হাজার ৫৬ কোটি টাকা। সরকার কর পেয়েছে সাত কোটি টাকার কিছু বেশি। এ বিষয়ে রাজস্ব বোর্ডের আয়কর অনু বিভাগের সদস্য আলী আহমদ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''৩০ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগে অপ্রদর্শিত আয় বৈধ করার পরিমাণ বাড়বে বলে আমরা আশা করছি। গত তিন-চার দিনে এর প্রমাণ পাওয়া যাচ্ছে।" গত রোববার এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ''কোনো অবস্থাতেই আর অঘোষিত আয় বৈধ করার সময়সীমা বাড়ানো হবে না। ১ অক্টোবর থেকে অপ্রদর্শিত আয়ের সন্ধানে সারা দেশে অভিযানে নামবে রাজস্ব বোর্ড। ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা অপ্রদর্শিত আয় বৈধ করবে না তাদের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশ অনুযায়ী সর্বোচ্চ জরিমানাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" গত ৪ জুন প্রথম দফায় দুই মাসের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয় সরকার। এরপর এ সুবিধার মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এসএনডি/২১২৮ ঘ.