ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতির চাপ কমাতে ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর পরামর্শ নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করবে।
রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে মঙ্গলবার সরকারি মোবাইল সেবা প্রতিষ্ঠান 'টেলিটক' এর আন্তর্জাতিক রোমিং সুবিধা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
এর আগে গত সপ্তাহে একটি আলোচনা সভায় অর্থনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা মূল্যস্ফীতির চাপ কমাতে ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর ব্যাপারে সরকারকে পরামর্শ দেন।
অর্থ উপদেষ্টা বলেন, "ডলারের বিপরীতে টাকার মান বাড়ালে কিছু পণ্যের আমদানি খরচ কমবে, যা মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি রোধে কিছুটা সহায়ক হবে। তবে স্থানীয় বাজারের কথাও আমাদের বিবেচনা করতে হবে। টাকার মান বাড়ালে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।"
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান উপদেষ্টা। এগুলোর মধ্যে আছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু।
সরকারি তথ্য অনুসারে, জুলাই মাসে মাসভিত্তিক মূল্যস্ফীতি ১০ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে এবং খাদ্য দ্রব্যের বেলায় মূল্যস্ফীতির পরিমাণ ১২ শতাংশ।
অবশ্য অর্থ উপদেষ্টা জানান, মাসভিত্তিক মূল্যস্ফীতির তুলনা করা উচিত নয়। তিনি এ ক্ষেত্রে গড় হিসাবকে বিবেচনা করার পরামর্শ দেন।
টেলিটকের আন্তর্জাতিক রোমিং ও এসএমএস সেবা চালুর ব্যপারে উপদেষ্টা জানান, সরকারি প্রতিষ্ঠান গ্রাহক সেবায় অদক্ষ এমন ধারণা ভুল প্রমাণ করেছে 'টেলিটক'।
বর্তমানে, ১৮৪টি দেশের ২৮৮টি অপারেটরের সঙ্গে রোমিং ও এসএমএস সুবিধা দেবে টেলিটক এবং এ ক্ষেত্রে 'নো ইউজ নো পে' পদ্ধতিতে কোনো ধরনের মাসিক ফি নেওয়া হবে না।
অনুষ্ঠানে টেলিটক চেয়ারম্যান খুরশিদ আলম, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এমএ/১৯৫৫ ঘ.
bdnews24