ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সোমবার থেকে রাজধানীতে ওএমএস কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী রাজধানীর পলাশীতে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন।
সারাদেশে ১৫ হাজার ৪শ' ৪০ জন ডিলার ও ঢাকা শহরে প্রায় সাড়ে তিনশ' ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। এছাড়া ঢাকা শহরে বিডিআর এর আরও ১শ' বিক্রয়কেন্দ্রে এ চাল বিক্রি হচ্ছে।
প্রতি কেজি মোটা চাল ১৯ টাকা দরে বিক্রি হবে। একজন সর্বোচ্চ তিনকেজি চাল কিনতে পারবেন। প্রতি একদিন অন্তর বিক্রয়কেন্দ্র খোলা হবে।
খাদ্য মন্ত্রণালয়, যৌথ বাহিনী ও জেলা প্রশাসন এ বিক্রয়কেন্দ্রগুলো তদারক করবে। এ কর্মসূচি চালু থাকবে ঈদের আগের দিন পর্যন্ত।
কার্যক্রম উদ্বোধনের পর উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চালের দাম সাধারণ মানুষের জন্য আসলেই কষ্টকর। এজন্য ভর্তুকি দিয়ে কমদামে চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এভাবে বিক্রি চলবে।"
এভাবে ভর্তুকি দিয়ে চাল বিক্রি খোলা বাজারে চালের দামে প্রভাব ফেলবে কী না -এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "যেহেতু বাজারদরের চেয়ে কিছুটা কমে বিক্রি করা হচ্ছে তাই দাম কমানোর ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলতে পারে।"
উপদেষ্টা বলেন, "চাল যেন ঠিকমতো বণ্টন হয় সেজন্য খাদ্য মন্ত্রণালয়, যৌথ বাহিনী ও স্থানীয় জেলা প্রশাসন এর তদারক করবে। আমার বিশ্বাস ক্রেতা সাধারণ চালের দাম ও মানের বিষয়ে সচেতন থাকবেন। এছাড়া আমাদেরও তা মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।"
উপদেষ্টা কয়েকজন ক্রেতার ব্যাগ বা আঁচলে চাল ঢেলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পলাশী বিক্রয়কেন্দ্র পরিচালনাকারী মেসার্স শাহীনূর স্টোরের মালিক ওয়াজেদ আলী ওরফে শাহ আলম জানান, একদিন পর পর ৫১০ কেজি (৬ বস্তা) করে দেশি ইরি চাল তাদেরকে দেওয়া হবে। সে ক্ষেত্রে সর্বোচ্চ তিনকেজি হিসেবে তারা প্রতিদিন কমপক্ষে ১৭০ জনের কাছে চাল বিক্রি করতে পারবেন।
শাহ আলম বলেন, "আগে আমাদের প্রতি কেজি চালে একটাকা ২৫ পয়সা লাভ থাকতো। এবার তা কমিয়ে একটাকা করা হয়েছে। আমরা ১৮ টাকায় চাল কিনে তা ১৯ টাকায় বিক্রি করছি।"
ওএমএস কার্যক্রমের পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি বলেন, "চাল নিয়ে বসার কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। আমাদের বলতে হয় আর নেই। তখনও অনেক লোক লাইনে দাঁড়িয়ে থাকে । অনেক সময় সমস্যাও হয়। মানুষ মনে করে অর্ধেক চাল আমরা মেরে দিচ্ছি।"
চাল বিক্রি শুরুর দেড় ঘণ্টা পরই সাড়ে ১১টায় শাহ আলম জানান, তার ছয় বস্তা চালের মধ্যে ৫ম বস্তার বিক্রি প্রায় শেষ। তবে লাইনে এখনও অনেক লোক।
বিক্রয় কেন্দ্রের পাশেই পলাশী বাজারের চাল বিক্রেতা খোরশেদ আলম জানালেন, সরকারিভাবে যে মোটা ইরি চাল বিক্রি হচ্ছে সেটা এখন বাজারে নেই। তাদের কাছে থাকা চালের মধ্যে সবচেয়ে সস্তা হচ্ছে 'পারিজা'। এটি প্রতিকেজি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৩৪৮ঘ.
bdnews24