২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্য তেলের আমদানি শুল্ক প্রত্যাহার হচ্ছে না

রোজার মাসে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক প্রত্যাহারের ব্যবসায়ীদের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 02:55 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোজার মাসে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক প্রত্যাহারের ব্যবসায়ীদের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। সরকার ও ব্যবসায়ীরা নিজ নিজ অবস্থানে অনড় থাকায় বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় এক সভা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ফলে রমজানে ভোজ্য তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কোন পক্ষই কোন প্রতিশ্র"তি দিতে পারেননি। বাংলাদেশ ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রউফ চৌধুরীসহ সমিতির জ্যেষ্ঠ নেতারা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে ওই বৈঠকে যোগ দেন। তারা প্রায় দেড় ঘণ্টা ধরে রূদ্ধদ্বার বৈঠক করেন। সভা শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "ব্যবসায়ীদের পক্ষ থেকে ভোজ্য তেলের আমদানি শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এতে আইনগত বেশ কিছু জটিলতা রয়েছে।" একই সঙ্গে বৈঠকে শুল্ক প্রত্যাহার বা কমানো হলে বাজারের এর কোন প্রভাব পড়বে কিনা, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যবসায়ীদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এ সময় ভোজ্য তেলের আমদানি শুল্ক প্রত্যাহার করা হলে বর্তমানে সরকারি গুদামে রক্ষিত ভোজ্য তেলের শুল্কও হ্রাস বা প্রত্যাহার করতে হবে। তা না হলে বাজারে কোন প্রভাব পড়বে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তাই তাদের সঙ্গে আলোচনা অসম্পূর্ণ থেকে গেছে। উপদেষ্টা বলেন, "দেশে বর্তমানে প্রায় দুই লাখ খুচরা বিক্রেতা আছে। তাদের নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। তাই বিডিআরসহ সরকারিভাবে বিক্রির প্রচলিত ব্যবস্থা ব্যবহার করে রোজার মাসে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করবে সরকার।" বাজার নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হবে কিনা এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বরং তাদের দিয়ে জোর করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে। এতে বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমে যেতে পারে।" পরে ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রউফ চৌধুরী জানান, বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান ভোজ্য তেল আমদানি ও শোধন করে সরবরাহ করছে। এসব কারখানার গেটে প্রতি কেজি সয়াবিন তেল সাড়ে ৭৩ থেকে ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতারা এর সঙ্গে সামান্যতম লাভ যোগ করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে। প্রায় দুই লাখ খুচরা বিক্রেতাকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, "ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক প্রত্যাহার বা হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সরকারের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায়নি। সে কারণে আলোচনায় কোন ফল হয়নি।" তিনি জানান, বর্তমানে দেশে ভোজ্য তেলের মজুদ প্রায় দেড় লাখ টন। রোজার মাসে ভোজ্য তেলের কোন সংকট হবে না। সরকার নির্ধারিত মূল্যেই এ সময় তেল সরবরাহ করা সম্ভব হবে। তবে রমজানের পর এর প্রভাব বাজারে পড়তে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/২০৪৮ ঘ.