ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নতুন অংশীদারের চুক্তি (ভেন্ডরস এগ্রিমেন্ট) না হওয়ার কারণেই রাষ্ট্রায়ত্ব সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারছে না বলে জানিয়েছেন এসব ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচিত এ ব্যাংকগুলোকে প্রথম দফায় জুনে ও দ্বিতীয় দফায় আগস্টের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ধারণা একটি 'ভেন্ডরস এগ্রিমেন্ট' সাক্ষর করতে দেরি করা হচ্ছে।"
জুনের মধ্যেই পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে কাজ শুরু করতে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ প্রস্তুত ছিল বলে তিনি জানান।
তিনি বলেন, "হয়ত এই চুক্তি স্বাক্ষরে দেরি করার পেছনে সরকারের যুক্তিসঙ্গত কারণ রয়েছে।" অবশ্য এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে তিনি রাজি হননি।
পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে কাজ শুরু করতে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের নতুন অংশীদারদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের চুক্তি করার বাধ্যবাধকতা আছে। এ চুক্তির মাধ্যমে ব্যাংকগুলোর অধিকতর স্বায়ত্তশাসন নিশ্চিত করার পাশাপাশি সেখানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকির অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এখন ব্যাংক তিনটির বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে সরকারের হাতে।
এর আগে 'ভেন্ডরস এগ্রিমেন্ট' সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনা যাচাই-বাছাই করে আইন মন্ত্রণালয়। চলতি বছরের শুরুতে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক সংস্থাও ব্যাংগুলোর পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়ার জন্য করা আবেদন অনুমোদন দেয়।
সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানান, "প্রাথমিক পরিকল্পনায় গত জুনের মধ্যে ভেন্ডরস এগ্রিমেন্ট স্বাক্ষর হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না হওয়ায় সব প্রস্তুতি থাকার পরও আমরা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে কাজ শুরু করতে পারিনি।"
এ বিষয়ে সোনালী ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। আমার মনে হয় চুক্তি স্বাক্ষরে দেরি করার আর কোনো অবকাশ নেই।"
২০০৪ সালে বিশ্বব্যাংকের প্রস্তাবনা অনুসারে রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলো বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হয়। ব্যাংকগুলোর পুনর্গঠনে বিশ্বব্যাংক সে সময় ২৫ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেয়।
প্রস্তাবনা অনুসারে এরই মধ্যে রূপালী ব্যাংক বেসরকারিকরণ হয়েছে। বাকি তিনটি ব্যাংকও পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রক্রিয়া চলছে।
এর অংশ হিসেবে ২০০৪ সালের শেষ দিকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনার জন্য সরকার হংকংভিত্তিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকে আমন্ত্রণ জানায়। একইভাবে জনতা ব্যাংকের ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয় ব্যাংকের বাইরে থেকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/২০৪৫ ঘ.
bdnews24