ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -পাবলিক মার্কেটে লেনদেনের ব্যাপারে পাাঁচটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
কোস্পানিগুলো হচ্ছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, ডেসকো, সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক ও এবি ব্যাংক। ৫ সেপ্টেম্বর থেকে এরা পাবলিক মার্কেটে শেয়ার লেনদেন করতে পারবে।
এসইসি'র এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
এসইসি'র সদস্য মনসুর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ারের দামের অনিশ্চিত অবস্থা অনেকখানি কমে এসেছে বলে আমাদের ধারণা। দামের অনিশ্চিত অবস্থার কারণেই আমরা এই পাঁচটি প্রতিষ্ঠানকে স্পট মার্কেটে লেনদেনের নির্দেশ দিয়েছিলাম। এখন থেকে তারা পাবলিক মার্কেটে লেনদেনে অংশ নিতে পারবে।"
এক মাসের বেশি সময় নিষেধাজ্ঞা চলার পর এই পাঁচটি প্রতিষ্ঠানের ওপর থেকে শুধু স্পট মার্কেটে লেনদেন করার আদেশ তুলে নেওয়া হলো। স্পট মার্কেটে সাধারণত নগদ অর্থ বা পে-অর্ডারের মাধ্যমে শেয়ার কেনা-বেচা চলে, চেক ব্যবহার করা যায় না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/২০৪৭ ঘ.
bdnews24