ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের তেমন কোনো প্রভাব পড়েনি পুঁজি বাজারে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গ্রেপ্তারের ঘটনার পরও সোমবার বাজারে ছিল চাঙাভাব। ব্যাংকিং খাতের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বজায় থাকায় এদিন লেনদেন আরও বেড়েছে।
আইডিএলসি ফাইন্যান্সের মহাব্যবস্থাপক আরিফ খান বলেন, "রাজনৈতিক টানা পোড়েনের বিষয়টি বিনিয়োগকারীদের সয়ে গেছে বলে মনে হচ্ছে। অনেকেই মনে করছেন অর্থনীতি তার নিজস্ব গতিতে চলবে।"
সোমবার সকালে যৌথবাহিনী দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া ও ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে পাঠিয়ে দেন। এছাড়া কোকোর সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "গত দু'দিন ধরে লেনদেন চাঙা রয়েছে। ব্যাংকগুলোর জন্য নতুন মূলধন সীমা নির্ধারণ উৎসাহিত করেছে বিনিয়োগকারীদের। বাজারে ব্যাংকিং খাতের শেয়ারের আধিপত্য দেখা যাচ্ছে।"
দিনের শুরুতে প্রথম দেড় ঘণ্টায় ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৩ পয়েন্ট বাড়লেও দিনের শেষভাগে তা কিছুটা নেমে যায়। আরিফ খান জানান, সীমিত বিনিয়োগ সুযোগ থাকার পরও নতুন বিনিয়োগকারীদের অংশগ্রহণের কারণে সূচক বেড়েছে।
ব্যাংকিং কোম্পানি অধ্যাদেশ- ১৯৯১ এ সংশোধনী এনে ব্যাংকগুলোর মূলধন একশ কোটি থেকে বাড়িয়ে দুশ কোটি করার সরকারি সিদ্ধান্ত ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ায় প্রভাব রেখেছে। গত সপ্তাহে এ সম্পর্কিত অধ্যাদেশটির সংশোধনীর অনুমোদন করে সরকার।
ঢাকা স্টক এক্সেচেঞ্জে সোমবার গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি ২১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর্থিক সমন্বয় ব্যবস্থা তুলে নেওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ লেনদেন।
৩১ জুলাই নিয়ন্ত্রক সংস্থা এসইসি শেয়ার বাজারের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধে আর্থিক সমন্বয় ব্যবস্থা বন্ধ ঘোষণা করে। ২০০৫ থেকে প্রচলিত আর্থিক সমন্বয় সুবিধা নিয়ে বিনিয়োগকারীরা আগে কিছু শেয়ার বিক্রির পর পাওনা টাকার ভিত্তিতে একই দিনে নতুন শেয়ার কিনতে পারতেন। কিন্তু এসইসি এই সুবিধা প্রত্যাহার করায় এখন থেকে বিনিয়োগকারীদের বিক্রি করা শেয়ারের নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে একটি শেয়ারের লেনদেন চতুর্থ দিনে নিষ্পত্তি হয়।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১১ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২৫২৮ দশমিক ৪৮ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে হয়েছে ২১১৪ দশমিক ৬০ পয়েন্ট।
আকর্ষণীয় ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে ২০৩৯ দশমিক ৬৩ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ৮২ লাখ ২১ হাজার ৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে, কমে ৭১টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
ব্যাংকিং খাতে লভ্যাংশ তুলে নেওয়ায় চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) লেনদেনে কিছুটা মন্দা ছিল। সিএসইতে ২৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকার ১০ লাখ ২৮ হাজার ৪৩৬টি শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৬টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত ছিল।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ২ দশমিক ৯৭ শতাংশ বেড়ে হয়েছে ৬১৩ টাকা।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৫৫ শতাংশ কমে ১১১৫ টাকা ৭৫ পয়সা হয়। এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ২০ শতাংশ কমে ২৩৫৮ টাকা ৫০ পয়সা হয়।
প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৭৫৯ টাকা হয়। ডেসকোর শেয়ারের দাম বেড়েছে। তবে সামিট পাওয়ার, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা ও পূবালী ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/১৮১০ ঘ.
bdnews24