২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো ২৫০০ পয়েন্ট সীমা পার করেছে সাধারণ শেয়ার সূচক

ব্যাংকিং খাতের ওপর ভর করে শেয়ার বাজারে লেনদেন চাঙা থাকায় রোববার প্রথমবারের মতো ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৫০০ পয়েন্ট সীমা পার করেছে। গত সপ্তাহে ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ এর সংশোধনী অনুমোদন হওয়ায় ব্যাংকিং খাতের শেয়ারের দাম বেড়েছে। সংশোধিত আইনে ব্যাংকগুলোর অনুমোদিত মূলধন একশ' কোটি টাকা থেকে বাড়িয়ে দুশ' কোটি টাকা করার অনুমতি দেওয়া হয়েছে। এআইএমএস বাংলাদেশ এর প্রধান ইওয়ার সাইদ বলেন, "চলতি সপ্তাহে সাধারণ সূচক এ অবস্থান ধরে রাখতে পারলে বাজারে একটি নতুন নিরাপত্তা মাত্রা নিশ্চিত হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 04:44 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংকিং খাতের ওপর ভর করে শেয়ার বাজারে লেনদেন চাঙা থাকায় রোববার প্রথমবারের মতো ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৫০০ পয়েন্ট সীমা পার করেছে। গত সপ্তাহে ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ এর সংশোধনী অনুমোদন হওয়ায় ব্যাংকিং খাতের শেয়ারের দাম বেড়েছে। সংশোধিত আইনে ব্যাংকগুলোর অনুমোদিত মূলধন একশ' কোটি টাকা থেকে বাড়িয়ে দুশ' কোটি টাকা করার অনুমতি দেওয়া হয়েছে। এআইএমএস বাংলাদেশ এর প্রধান ইওয়ার সাইদ বলেন, "চলতি সপ্তাহে সাধারণ সূচক এ অবস্থান ধরে রাখতে পারলে বাজারে একটি নতুন নিরাপত্তা মাত্রা নিশ্চিত হবে।" 'ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন সার্ভিস (আইএলডিটিএস) পলিসি- ২০০৭' এ ইন্টারনেট প্রটোকল (আইপি) ব্যবহার করে আন্তর্জাতিক ফোন কল করার ব্যাপারে লাইসেন্স শুধু আইএসপি সেবাদানকারীদের জন্য সংরক্ষিত থাকবে- এ ধরনের প্রতিবেদন প্রকাশ হওয়ায় তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দামও বেড়েছে। অবশ্য দাম কমেছে বিদ্যুৎ, ওষুধ ও সিমেন্ট খাতের শেয়ারের। মিউচুয়াল ফান্ডের শেয়ারে ওঠা-নামা ছিল। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৬১ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ২৫১৬ দশমিক ৭২ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫২ দশমিক ১৬ পয়েন্ট বা ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে হয়েছে ২১১১ দশমিক ৮৭ পয়েন্ট। আকর্ষণীয় ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৭ দশমিক ২৫ পয়েন্ট বা এক দশমিক ৮৮ শতাংশ বেড়ে ২০৩১ দশমিক ০৬ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৮০ কোটি টাকা। এ দিন ৭৩ লাখ ২৩ হাজার ২৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম। ব্যাংকিং খাতের কারণে চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৩৩ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার ১২ লাখ ৩২ হাজার ১৪৮টি শেয়ার লেনদেন হয়। এই শেয়ার বাজারে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪২টির দাম কমেছে এবং আটটির দাম অপরিবর্তিত ছিল। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৭৮ শতাংশ বেড়ে হয়েছে ১১২২ টাকা। এদিন ব্যাংকটির শেয়ারের দাম সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। সিটি ব্যাংকের শেয়ারের দাম ১৪ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭৮০ টাকা ২৫ পয়সা হয়। এদিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সবচেয়ে বেশি ছিল। এবি ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ২৩৮৭ টাকা হয়। ব্যাংকটির শেয়ারের এটিই সর্বোচ্চ দাম। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৪৮ শতাংশ কমে ৬১২ টাকা ৭৫ পয়সা হয়। ডেসকোর শেয়ার দশমিক ০৪ শতাংশ কমে ১১৪১ টাকা ৭৫ পয়সা হয়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল মুন্নু জুটেক্স, সেন্ট্রাল ইন্সুরেন্স ও বাংলাদেশ অনলাইন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২২০২ ঘ.