২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের প্রশ্নবাণ বন্ধের দাবি করেছে এফবিসিসিআই

ব্যাংকে ঋণপত্র খোলা, অর্থ জমা ও তোলার বেলায় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কারণে ব্যবসা-বাণিজ্য, পণ্য সরবরাহ ও আমদানিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে এ ধরনের জিজ্ঞাসাবাদ বন্ধেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংকে ঋণপত্র খোলা, অর্থ জমা ও তোলার বেলায় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কারণে ব্যবসা-বাণিজ্য, পণ্য সরবরাহ ও আমদানিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে এ ধরনের জিজ্ঞাসাবাদ বন্ধেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে এফবিসিসিআই-র অবস্থান জানাতে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে মূল্যস্ফীতির অন্যতম কারণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মন্থর গতিকে দায়ী করেছে। মতিঝিলে এফবিসিআিই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মীর নাসির হোসেন বলেন, "ঋণপত্র খোলা, ব্যাংক থেকে টাকা তোলা ও জমা দেওয়ার সময় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কারণে ব্যবসায়ীরা ভীত। ফলে ব্যবসা-বাণিজ্য, পণ্য আমদানি ও সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ছে।" মীর নাসির বলেন, "পাঁচ লাখের বেশি টাকা ব্যাংক থেকে তুলতে গেলেই আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। হিসাব খোলার বেলায়ও করা হয় বিভিন্ন প্রশ্ন। ব্যাংকে 'আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি)'- ধরনের ব্যবস্থা প্রত্যাহার করা উচিত।" মুদ্রা পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ব্যাংকগুলো নতুন হিসাব খোলা ও পাঁচ লাখ টাকার বেশি তোলার বেলায় গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন করছে বলে তিনি দাবি করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার, ব্যাংক, কর ও শুল্ক কর্মকর্তাদের সহযোগিতা চেয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, "গত এক বছরে দ্রব্যমূল্য ৪০ থেকে ১১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এটাই বাস্তবতা এবং দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি রোধে আমাদের একযোগে কাজ করা উচিত।" ঋণপত্র বা এলসি'র বিপরীতে অর্থের সীমা কমানো ও আমদানি উৎসাহিত করতে রাষ্টায়ত্ত্ব ব্যাংকগুলোতে 'অ্যাডমিনিস্ট্রেটেড এক্সচেঞ্জ রেট' তুলে দেওয়ার দাবি জানান তিনি। তিনি আরও জানান, আগের অর্থবছরের তুলনায় গত অর্থবছর আমদানি পণ্যের পরিমাণ কম হলেও আমদানি খরচ বেশি হয়েছে। অর্থ খরচের হিসাবে আমদানি বেড়েছে ১৬ দশমিক ৩৫ শতাংশ। গত অর্থবছরে এক হাজার ৭১৫ কোটি ৬৮ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়। আগের বছর আমদানির পরিমাণ ছিল এক হাজার ৪৭৪ কোটি ৬৪ লাখ ডলার। পণ্য সরবরাহ স্থিতিশীল রাখতে স্থল বন্দরগুলো সপ্তাহে সাত দিন খোলা রাখারও দাবি জানায় এফবিসিসিআই। এছাড়া শ্রমিকরা যাতে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন সেজন্য কারখানা প্রাঙ্গণে পণ্য বিক্রির ব্যবস্থা করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/এমএইচবি/১৯৫৯ ঘ.