ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ, ব্যাংক ও সিমেন্ট খাতের বড় প্রতিষ্ঠানগুলোর দাম বাড়ায় সোমবার পুঁজিবাজারে লেনদেন ছিল চাঙ্গা। লেনদেন বাড়ায় নেতৃত্ব দেয় ব্র্যাক ব্যাংক।
পুঁজিবাজার বিশেষজ্ঞ শরীফ আতাউর রহমান বলেন, "বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে। নতুন পুঁজি ও বিনিয়োগকারীরা বাজারে আসছেন।"
দিনশেষে ব্র্যাক ব্যাংকের শেয়ার ৩ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৯৯৪ টাকা হয়েছে। এছাড়া ব্যাংকিং খাতে ইউসিবিএল, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও পূবালী ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। ইউসিবিএল এর শেয়ারের দাম ৫ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৪০১১ টাকা ৫০ পয়সা হয়।
বিদ্যুৎ খাতে ডেসকোর শেয়ার এক দশমিক ৩৯ শতাংশ কমে ১১৫২ টাকা ৫০ পয়সা হয়েছে। তবে পাওয়ার গ্রিডের শেয়ার ৩ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৫৯৩ হাকা ২৫ পয়সা হয়।
এইএমএস বাংলাদেশ এর বিশেষজ্ঞ ই্ওয়ার সাইদ বলেন, "গতদিনের লেনদেনের ওপর ভর করে আজও বাজার চাঙ্গা ও সক্রিয় ছিল।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২০ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ২৩৯৮ দশমিক ৪১ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ বেড়ে ২০০১ দশমিক ১৩ পয়েন্ট হয়।
আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৯ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১৯৫৮ দশমিক ২৮ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ১৬৬ কোটি টাকার এক কোটি ২ লাখ ৮৮ হাজার ১২৬টি শেয়ার লেনদেন হয়। সোমবার ডিএসইতে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।
ব্যাংক ও বিদ্যুৎ খাতের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। দিনশেষে সিএসইতে ১৬ কোটি ২৫ লাখ টাকার ১০ লাখ ২৮ হাজার ৭৩৬টি শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫০টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত ছিল।
সিমেন্ট খাতে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম দশমিক ৮৩ শতাংশ কমে হয়েছে ১২১৫ টাকা ২৫ পয়সা। তবে লাফার্জ সুরমার দাম বেড়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল রূপালী ইন্সুরেন্স, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড এবং বিওসি। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/২০৪৫ ঘ.
bdnews24