ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে সোমবার দিনের মাঝামাঝিতে এসে ঢাকার পুঁজিবাজা চাঙ্গা হয়ে ওঠে।
গত সপ্তাহে পুঁজিবাজারে দুই দিন লেনদেন বন্ধ থাকার পর সোমবার দ্বিতীয় দিনের মতো বাজার চাঙ্গা ছিল। দিনের শুরু থেকে এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক ও পাওয়ার গ্রিড অব বাংলাদেশ বাজারে গরমভাব ধরে রাখতে প্রধান ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৬ দশমিক ৩৫ পয়েন্ট বা এক দশমিক ১০ শতাংশ বেড়ে দুই হাজার ৪০৪ দশমিক ০৪ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক কাটা ২৫ দশমিক ১৭ পয়েন্ট বা এক দশমিক ২৬ শতাংশ বেড়ে দুই হাজার ৭ দশমিক ৩৫ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
লেনদেনকৃত মোট ১৫৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৩৪টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে মোট ৭৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা।
বেলা ১১টা ২৯ পর্যন্ত লেনদেনে শীর্ষে থাকা ডেসকোর শেয়ার মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এক হাজার ১৬৮ টাকা ৭৫ পয়সা থেকে পড়ে গিয়ে এক হাজার ১৬৫ টাকায় লেনদেন হচ্ছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ার ৯৫৯ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৯৮০ টাকা এবং পাওয়ার গ্রিডের শেয়ার ৫৭০ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৫৯২ টাকা হয়েছে।
দাম বেড়েছে ইউসিবিএল এর শেয়ারের। এর প্রতি শেয়ার তিন হাজার ৭৯৬ টাকা থেকে বেড়ে তিন হাজার ৯৪৯ টাকায় লেনদেন হচ্ছে। হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম এক হাজার ২২৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয়েছে এক হাজার ২৪২ টাকা।
লেনদেনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী, উত্তরা, ন্যাশনাল, এবি ব্যাংক ও এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দামও বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩০৩ ঘ.
bdnews24