ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা তিন দিন বন্ধ থাকার পর শনিবার ব্যাংকগুলোতে ছিল উপ্চে পড়া ভিড়। প্রয়োজনীয় টাকা তুলতে গ্রাহকরা সকালেই রাজধানীর ব্যাংকগুলোতে ভিড় জমান। অনেক শাখায় গ্রাহকদের লাইন ছিল বেশ দীর্ঘ।
সাপ্তাহিক ছুটির দিন শনিবারে ব্যাংকের সব শাখা খোলা থাকে না। যে শাখাগুলোতে বৈদেশিক বাণিজ্য লেনদেন হয় সাধারণত সেগুলোই খোলা থাকে। তাও আবার সবগুলো নয়। প্রধান কার্যালয়, মতিঝিল ও এর আশপাশ এবং কারওয়ান বাজার এলাকায় অবস্থিত শাখাগুলো সাধারণত এদিন সীমিত সময়ের জন্য খোলা থাকে।
শনিবার মতিঝিল ও কারওয়ান বাজার এলাকায় খোলা থাকা কয়েকটি ব্যাংকের শাখায় গিয়ে দেখা যায়, সবখানেই উপচেপড়া ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের টাকার জন্য অপেক্ষা করতে দেখা যায়। সবার মধ্যেই এক ধরনের উদ্বেগ-উৎকন্ঠা। তাই বেশি করে টাকা তুলছেন অনেকে।
গত বুধবার গোটা রাজধানী জুড়ে ছাত্র-জনতা বিক্ষোভের কারণে প্রায় সব ব্যাংকেই লেনদেন ছিল বন্ধ। বৃহস্পতিবার ছিল কারফিউর কারণে ছুটি। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ কারণে টানা তিন দিন রাজধানীর ব্যাংকগুলোতে কার্যক্রম কার্যত বন্ধ ছিল।
এ প্রসঙ্গে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ শনিবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার আকস্মিকভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে, এর আগে বুধবারও অনেক শাখা বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়। শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। এ কারণেই শনিবার যে শাখাগুলো খোলা ছিল সেগুলোতে টাকা তুলতে গ্রাহকরা ভিড় জমিয়েছিলেন।''
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের মতিঝিল প্রধান শাখায় টাকা তুলতে আসা গ্রাহক এম সাইদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''টানা তিন দিন ব্যাংক বন্ধ ছিল। আবার কি হয় কে জানে, সে কারণেই সকালেই সব কাজ বাদ দিয়ে আগে ব্যাংকে এসেছি টাকা তুলতে। এই মুহূর্তে যা প্রয়োজন তার চেয়েও কিছু বেশি টাকা তুলেছি।''
একই শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী রফিকুজ্জমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''গ্রাহকরা বেশি টাকা তুলছেন একথা ঠিক। তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। এ কারণেই তারা টাকা তুলতে ব্যাংকে ভিড় করছেন। আবার অনেক আমানতকারী টাকা জমাও দিচ্ছেন।''
ব্যাংক সূত্র জানায়, রাজধানী ঢাকায় শনিবার এনসিসি ব্যাংকের পাঁচটি শাখা খোলা ছিল। এ পাঁচ শাখাতেই ছিল একই চিত্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৮১৮ ঘ.
bdnews24