২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে সরকারি বিনিয়োগের প্রস্তাবে দুমাসেও সাড়া নেই

লোকসানি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জরুরিভিত্তিতে সরকারি বিনিয়োগের প্রস্তাবে গত দুমাসেও সাড়া মেলেনি। এছাড়া বিমানের ফ্লাইটসূচি স্বাভাবিক রাখতে সংস্থার পক্ষ থেকে গত জুনে সরকারের কাছে চারটি সুপরিসর উড়োজাহাজ সংযোজন করার প্রস্তাব দেওয়া হয় । এই প্রস্তাবেও সরকারের তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- লোকসানি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জরুরিভিত্তিতে সরকারি বিনিয়োগের প্রস্তাবে গত দুমাসেও সাড়া মেলেনি। এছাড়া বিমানের ফ্লাইটসূচি স্বাভাবিক রাখতে সংস্থার পক্ষ থেকে গত জুনে সরকারের কাছে চারটি সুপরিসর উড়োজাহাজ সংযোজন করার প্রস্তাব দেওয়া হয় । এই প্রস্তাবেও সরকারের তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মোমেন শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, "বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে গেলে, এতে প্রচুর পরিমাণে বিনিয়োগ প্রয়োজন। কিন্তু গত ১৫ বছরে তা করা হয়নি। এত বছর ধরে বিমান নিজস্ব অর্থেই চলেছে। সরকার রেলওয়েসহ অন্যান্য বিভাগে বরাবরই ভর্তুকি দিয়ে আসছে। তাহলে বিমানে ভর্তুকি দিতে বাধা কোথায়?" গত জুনে বিমানের পক্ষ থেকে সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলেও এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি বলে এমএ মোমেন জানান। তবে তাদের পক্ষ থেকে এ জন্য সরকারের কাছে কোনো নির্দিষ্ট অংকের অর্থ দাবি করা হয়নি। ব্যবস্থাপনা পরিচালক আরো জানালেন, সংস্থাটির ফ্লাইটসূচি রক্ষা করে একে গতিশীল করতে তাদের পক্ষ থেকে একই সময় সরকারকে অবিলম্বে বহরে চারটি উড়োজাহাজ সংযোজন করার অনুরোধ জানানো হয়। এই প্রস্তাবটিতেও এখনো কোনো সাড়া মেলেনি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরপরই দূর্নীতি ও অব্যবস্থাপনার ভারে নিমজ্জমান বিমানকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে মার্চ মাসে তৎকালীন বিমান সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। কমিটির সুপারিশে আরো বলা হয়, বিমানকে পিএলসিতে রূপান্তর করার আগে লোকবল চার হাজার ৮০০ থেকে অর্ধেকে নামিয়ে আনতে হবে। এরপর গত জুনে 'গোল্ডেন হ্যান্ডশেক' কর্মসূচি হাতে নেয় বিমান। এ কর্মসূচির আওতায় ১৮৬৩ জন কর্মকর্তা-কর্মচারিকে স্বেচ্ছায় অবসর দেওয়া হয়। আর জুলাইয়ে বিমানকে পিএলসিতে রূপান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অর্থ বছরে বিমান রেকর্ড পরিমাণ (১২০ মিলিয়ন মার্কিন ডলার) লোকসান দিয়েছে। এর আগের বছরে এই লোকসানের পরিমাণ ছিল ৪১ মিলিয়ন মার্কিন ডলার। বেতন- ভাতা ছাড়াও বিমানকে অন্যান্য খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। শুধু জ্বালানি তেল কেনা বাবদই গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে সংস্থাটির বকেয়া দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৫৬৪ কোটি টাকা। এছাড়া পুরনো ধরনের উড়োজাহাজগুলোকে সচল রাখতেও বিমানকে প্রচুর টাকা খরচ করতে হয়। লোকসান কমিয়ে আনতে বিমান গত বছর টোকিও, নিউ ইয়র্ক, প্যারিস, ব্রাসেলস, ফ্রাঙ্কফুট ও মুম্বাই এর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। তারা এখন মাত্র ২০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালাচ্ছে। এছাড়া সাতটি অভ্যন্তরীণ রুটের মধ্যে শুধু চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট ফ্লাইট চালু রাখা হয়েছে। এর ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বিমানের যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর ফ্লাইট। যান্ত্রিক ত্র"টির জন্য ঘন ঘন উড়োজাহাজ অচল হয়ে পড়ায় যাত্রীদের চরম হয়রাণির পাশপাশি বিমানের ক্ষতির বোঝা বাড়ছে। বিমানের উড়োজাহাজ বহরে এখন পাঁচটি ডিসি-১০, চারটি এয়ারবাস ও চারটি এফ-২৮ উড়োজাহাজ রয়েছে। ডিসি-১০ উড়োজাহাজগুলো অন্তত ২০ বছরের পুরনো। আর এয়ারবাসগুলো ১৯৯০ সালে সংগ্রহ করা। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে গত আওয়ামী লীগ ও তার পর জোট সরকারের আমলে একাধিকবার বিনিয়োগকারী খোঁজার চেষ্টার করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। এই খাতে বিশ্ব ব্যাংকের প্রায় আড়াই মিলিয়ন মার্কিন ডলারের পুরোটাই গচ্চা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৪০০ ঘ.