২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরনের ধসের মুখে এশীয় শেয়ার বাজার

এক দশকের মধ্যে সবচেয়ে বড় পতনের দিকে এগুচ্ছে এশিয়ার শেয়ার বাজার। বিনিয়োগকারীদের 'ঋণ আতঙ্কে' শুক্রবার দুপুরে এশিয়া প্যাসিফিক (জাপান বাদে) শেয়ার সূচক দুই দশমিক পাঁচ শতাংশ পড়ে গেছে। গত এক সপ্তাহে সূচক কমেছে ১০ দশমিক ৬ শতাংশ। ১৯৯৮ সালের পর সাপ্তাহিক সূচকের এমন বেহাল দশা আর দেখেনি এশিয়ার পুঁজি বাজার। বাজারের এই অস্থিরতা বৈশ্বিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলবে এমন আশঙ্কা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে শুরু করেছে। ঝুঁকি এড়াতে সরকারি বন্ডগুলোকেই নিরাপদ ভাবছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

হংকং, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এক দশকের মধ্যে সবচেয়ে বড় পতনের দিকে এগুচ্ছে এশিয়ার শেয়ার বাজার। বিনিয়োগকারীদের 'ঋণ আতঙ্কে' শুক্রবার দুপুরে এশিয়া প্যাসিফিক (জাপান বাদে) শেয়ার সূচক দুই দশমিক পাঁচ শতাংশ পড়ে গেছে। গত এক সপ্তাহে সূচক কমেছে ১০ দশমিক ৬ শতাংশ। ১৯৯৮ সালের পর সাপ্তাহিক সূচকের এমন বেহাল দশা আর দেখেনি এশিয়ার পুঁজি বাজার। বাজারের এই অস্থিরতা বৈশ্বিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলবে এমন আশঙ্কা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে শুরু করেছে। ঝুঁকি এড়াতে সরকারি বন্ডগুলোকেই নিরাপদ ভাবছেন তারা। এদিকে এশীয় বাজারের এই পতনে ডলারের বিপরীতে ইয়েন তেজী হয়ে উঠতে শুরু করেছে। তবে কমতে শুরু করেছে ধাতব শিল্পপণ্যের দাম। দক্ষিণ কোরিয়ার স্যামস্যাং ইনভেস্টমেন্ট ট্রাস্ট ম্যানেজমেন্টের তহবিল ব্যবস্থাপক লিম চ্যাং-গুই বলেন, "বাজারের এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। আর সত্যিই তা ঘটলে সারা বিশ্বেই পুঁজি বাজারে ধস নামবে।" এদিকে শুক্রবার দুপুর নাগাদ জাপানের নিকি সূচকের ৫ দশমিক ৪২ শতাংশ পতন ঘটেছে। ২০০০ এর এপ্রিলের পর এটাই এ বাজরের সবচে বড় পতন। হোন্ডা মটর, ক্যানন ইনকরপরোরেট ও টয়োটার মতো বড় প্রতিষ্ঠানগুলোও এই ধসের শিকার হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে এক ডলার পাওয়া গেছে ১১২ দশমিক ৬১ ইয়েনের বিনিময়ে। অন্যদিকে এক ইউরোর জন্য খরচ করতে হয়েছে ১৫১ দশমিক ১৩ ইয়েন। তবে ডলারের বিপরীতে নিজের অবস্থান ধরে রেখেছে ইউরো। এদিনে এক ইউরোর মূল্য ছিল এক দশমিক ৩৪ ডলারের সমতুল্য। এদিন ব্রিটিশ প্রতিষ্ঠান ব্রেন্ট এর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৮ সেন্ট বেড়ে ৬৯ দশমিক ৯৫ আমেরিকান ডলার হয়েছে। তবে সাংহাই তামা ও দস্তার দাম ৪ শতাংশ কমেছে। এর আগে যুক্তরাষ্ট্র সরকার ঋণের সুদের হার কমিয়ে দিতে পারে এবং বন্ধকী বাজরের ডাকসাইটে প্রতিষ্ঠান 'বিয়ার স্টার্নস' একটি চীনা ব্যাংকের কাছ থেকে ঋণ পেতে পারে এই গুঞ্জন ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার বাজার শেষ হওয়ার মাত্র ৪৫ মিনিট আগে ডাও জোনসের সূচক ৩০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধক ও ঋণদাতা প্রতিষ্ঠান 'কান্ট্রিওয়াইড ফিনান্সিয়াল কর্পোরেশন' তাদের তহবিলে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ার খবর জানালে বিনিয়োগকারীরা আবারো উদ্বিগ্ন হয়ে ওঠেন। অবশ্য বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার মুদ্রা বাজারে ১৭০০ কোটি ডলার যোগান দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। প্রয়োজনে আরও দেওয়া হবে বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করছে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএফ/টিএইচ/জেকে/১৭০১ ঘ.