ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক ও বিদ্যুৎ খাতের কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে সোমবার দিনের মাঝামাঝি এসে ঢাকার পুঁজিবাজার আবারো চাঙা হয়ে উঠেছে।
লেনদেনে বড় ধরনের ছন্দপতনের পর সোমবার দিনের শুরুতেই বাজার চাঙা হতে শুরু করে। দিনের মধ্যভাগ পর্যন্ত পুঁজিবাজার তার স্বাভাবিক গতি ধরেও রেখেছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতায় দিনের দ্বিতীয়ার্ধে সূচক কিছুটা পড়তির দিকে।
এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৪ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে দুই হাজার ২৬৯ দশমিক ৪২ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৫ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে এক হাজার ৮৮৫ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনের মধ্যভাগ পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। রোববার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১০৯ কোটি টাকা।
লেনদেনকৃত ১৬৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৪৯টির এবং ১৩টি কোম্পানির শেয়ার রয়েছে অপরিবর্তিত।
পুঁজিবাজারে লেনদেনের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে সামিট পাওয়ার। এর প্রতি শেয়ারের দাম এক হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে এক হাজার ৩১০ টাকা হয়েছে। মূলত পাঁচটি শেয়ারের বিপরীতে চারটি রাইট শেয়ার এবং প্রতি শেয়ারের বিপরীতে ৪৫ টাকার প্রিমিয়াম দেওয়ার ঘোষণায় এ কোম্পানিটির শেয়ারের দাম হু হু করে বাড়ছে।
দাম কমেছে স্কয়ার ফার্মার শেয়ারের। এ প্রতিষ্ঠানটির শেয়ার চার হাজার ৮৮৮ টাকা থেকে কমে চার হাজার ৮৪৫ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংক এর শেয়ার ৮৯৯ টাকা থেকে বেড়ে ৯১০ টাকা ৫০ পয়সা এবং পূবালী ব্যাংকের ৮৫৪ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৮৫৮ টাকায় লেনদেন হচ্ছে।
এ ছাড়া রূপালী ব্যাংকের শেয়ার এক হাজার ৫৩৮ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৫৯৬ টাকা হয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক, ডেসকো, হাইডেলবার্গ সিমেন্ট, ইউসিবিএল এবং আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩৪৭ ঘ.
bdnews24