ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এলসি (ঋণপত্র) সহ সব ধরনের ব্যাংকিং উপকরণের ঋণের বিপরীতে ১ শতাংশ প্রভিশন (সঞ্চিতি) সংরক্ষণের বিধান করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি আদেশে বলেছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এই নতুন বিধান কার্যকর হবে। এর আগে এ নিয়ম ছিল না। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে এই বিষয়ে প্রস্তুতি গ্রহন করতে বলা হয়েছে।
মঙ্গলবারই সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে আদেশটি পাঠানো হয়েছে।
নতুন এ নিয়মের ফলে ব্যাংকগুলোর মুনাফা কমে যাবে বলে মনে করছেন বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
আদেশে বলা হয়েছে, ব্যাংকগুলোর ঝুঁকি কমাতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ব্যাংক ঋণের মতো এলসি, বিভিন্ন বন্ড, গ্যারান্টিসহ সব ধরনের ব্যাংকিং উপকরণের বিপরীতে দেওয়া ঋণ এবং আর্থিক সুবিধার বিপরীতে ১ শতাংশ প্রভিশন (সঞ্চিতি) রাখতে হবে। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে বলে আদেশৈ বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২২২৫ ঘ.
bdnews24