ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বন্যার্তদের ত্রাণসহ অন্যান্য কাজে দেয়া সাহায্যের অর্থ করমুক্ত হবে না বলে জানিয়েছে এনবিআর।
আয়কর অধ্যাদেশে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত দূর্গতদের সাহাযার্থে ব্যয় করা অর্থ করমুক্ত রাখার বিধান রয়েছে। এর বাইরে যে কোনো অর্থ ব্যয়ের ক্ষেত্রে কর আরোপ করা হয়ে থাকে। এবারের বন্যার ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকবে।
ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বন্যার্তদের সাহায্যের অর্থ করমুক্ত রাখার দাবি করার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অণু বিভাগের সদস্য আলী আহম্মদ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ''এ সুযোগ দেয়া হলে অনেকে এর অপব্যবহার করতে পারেন- এ বিবেচনায় এনবিআর ব্যবসায়ীদের দাবি নাকচ করে দিয়েছে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯৩০ ঘ.
bdnews24