২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৭০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা

বন্যার ক্ষতি পুষিয়ে দিতে চলতি অর্থবছরে ৭ হাজার ৬৯৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। এর আগে কৃষিঋণ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 04:55 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার ক্ষতি পুষিয়ে দিতে চলতি অর্থবছরে ৭ হাজার ৬৯৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। এর আগে কৃষিঋণ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন তিনি। ডেপুটি গভর্নর বলেন, "গত অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৫০০ কোটি টাকা। বন্যার কারণে এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৬৯৮ কোটি ৩৪ লাখ টাকা।" তিনি জানান, বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী; বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং কয়েকটি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। এবারই প্রথম বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭৮ কোটি ৮৪ লাখ টাকা বিতরণ করা হবে। তিনি আরো বলেন, ''বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেজন্য প্রত্যেক ব্যাংকের প্রধান নির্বাহীদের নেতৃত্বে একটি সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।" বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষিঋণ বা সুদ মওকুফ করা হবে কিনা জানতে চাইলে নজরুল হুদা বলেন, ''এটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার। কেন্দ্রীয় ব্যাংকের এ ব্যাপারে কিছুই করার নেই। তবে যারা আগে নেওয়া ঋণের কিস্তি বন্যার কারণে পরিশোধ করতে পারছেন না, তারা পরে সহজ শর্তে ঋণ পুনঃতফসিল করতে পারবেন। সেইসঙ্গে নতুন ঋণও দেওয়া হবে তাদের।'' তিনি আরো বলেন, ''ঋণ বিতরণের ক্ষেত্রে কোনা ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২১০৭ ঘ.