২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ব্যাংকের দায়দেনা হস্তান্তর হতে পারে এ মাসেই

সদ্য পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের সম্পদ ও দায়দেনা ব্যাংকগুলোর নবগঠিত পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তরের জন্য ভেন্ডর (সম্পদ ও দায়দেনা সংক্রান্ত) চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ মাসেই এ বিষয়ে চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 07:30 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদ্য পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের সম্পদ ও দায়দেনা ব্যাংকগুলোর নবগঠিত পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তরের জন্য ভেন্ডর (সম্পদ ও দায়দেনা সংক্রান্ত) চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ মাসেই এ বিষয়ে চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান। অর্থ সচিব ড. মোহাম্মদ তারেকের সভাপতিত্বে সভায় সোনালী ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরাও উপস্থিত ছিলেন। সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ''বৈঠকে ভেন্ডর চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। চুক্তির কপি নিয়ে আগামী সপ্তাহে তিন ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয় আরও একটি বৈঠক করবে। ওই বৈঠকে চুক্তির দিনক্ষণ নির্ধারণ করা হবে। আমরা আশা করছি এ মাসেই চুক্তি স্বাক্ষর হবে।'' এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্পদ ও দায়দেনা হস্তান্তরের ক্ষেত্রে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত হিসাব গণ্য করা হবে। সোনালী ব্যাংকের সম্পদ ও দায়দেনা হস্তান্তর করা হবে সোনালী ব্যাংক লিমিটেডের কাছে। তেমনি অগ্রণী ও জনতা ব্যাংকের সম্পদ ও দায়দেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে চুক্তি হলে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসপি/জেকে/এমএইচবি/০১১৯ ঘ.