ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ বিমান আনুষ্ঠানিকভাবে সরকারের নিয়ন্ত্রণমুক্ত হলো।
বাংলাদেশ বিমান লিমিটেডের সঙ্গে মঙ্গলবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংস্থাটিকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত বিমান উপদেষ্টা এমএ মতিন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এখন থেকে বিমান পরিবহন সংস্থাটিকে আর মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে না। কোম্পানী আইন অনুযায়ীই চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এমএ মতিন ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফখরুল ইসলাম ওই চুক্তি স্বাক্ষর করেন।
বিমান উপদেষ্টা বলেন, "বিমানের বর্তমান যে অবস্থা, সে জন্য সরকারের নিয়ন্ত্রণই দায়ী। তাই আমরা বিমানকে এই নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দিলাম।"
বিমানের পরিচালনা পর্ষদে যারা থাকবেন, তারাই সংস্থাটিকে লাভজনক করার চেষ্টা করবেন এ কথা জানিয়ে এমএ মতিন আরো বলেন, কোম্পানীতে পরিণত করার পর সংস্থাটির দায়- দেনা ও সম্পত্তির হিসাব- নিকাশ করা হচ্ছে। এই কাজ এখনো চলছে।
বিমান পরিচালনার জন্য সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ সচিবের নেতৃত্ব ছয় সদস্যের একটি নতুন পরিচালনা পর্ষদ গঠিত হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এই পর্ষদ গঠনের কাজ শেষ হবে বলেও উপদেষ্টা জানান।
উপদেষ্টা বলেন, পর্ষদ দায়িত্ব নেওয়ার পর পরই বিমান পরিচালনার জন্য একটি 'রোডম্যাপ' তৈরি করবে। এই রোডম্যাপে বিমানের রুট ও উড়োজাহাজের চাহিদা নির্ধারণসহ বিস্তারিত কর্মপরিকল্পনা থাকবে।
রাষ্ট্রীয় সংস্থা বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানীতে (পিএলসি) পরিণত করা তত্ত্বাবধায়ক সরকারের কাজ কী না, তা জানতে চাইলে এমএ মতিন বলেন, "এর ব্যাখ্যা দেবে উচ্চ আদালত। কেউ যদি এ জন্য আদালতে রিট করতে চান, তিনি তা পারবেন। এটি নাগরিকের একটি মৌলিক অধিকার।"
বিমান উপদেষ্টা আরো জানান, কোম্পানিতে পরিণত হওয়ার পর বিমানের অনুমোদিত মূলধন হবে ১৫ হাজার কোটি টাকা। আর এর প্রতিটি শেয়ারের দাম হচ্ছে ১০০ টাকা। এখন সম্পূর্ণ শেয়ার সরকারের কাছে থাকলেও এটি একটি প্রাথমিক পদক্ষেপ। পরে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেই বিমান পরিচালনা হবে বলে এর ব্যবসা স
bdnews24