ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারের ভালো মৌল ভিত্তির কোম্পানি হিসেবে পরিচিত 'এ' শ্রেণীভুক্ত শেয়ার লেনদেনে আর্থিক সমন্বয় সুবিধা প্রত্যাহারে সিদ্ধান্তের পর মঙ্গলবার দিনের মাঝামাঝিতে বাজার মন্দা হয়ে পড়েছে।
ক্রমাগত ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের লাগাম টেনে ধরতে সোমবার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন শেয়ার লেনদেনে আর্থিক সমন্বয় সুবিধা প্রত্যাহারে সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার থেকে এটি কার্যকর হয়েছে।
২০০৫ সালের শুরুতে আর্থিক সমন্বয় সুবিধা প্রদানের বিষয়টি চালু করে এসইসি। ফলে বিনিয়োগকারীরা একটি কোম্পানির শেয়ার বিক্রি করে লেনদেন নিষ্পত্তি হওয়ার আগে একই শ্রেণীভুক্ত অন্য কোম্পানির শেয়ার কিনতে পারতেন।
মঙ্গলবার সকালে লেনদেন শুরু হওয়ার শুরুর কিছুক্ষণের মধ্যেই পুঁজিবাজারে মূল্যসূচকে পতন দেখা দেয়। মাত্র দেড়ঘণ্টার মধ্যেই ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৭৫ পয়েন্টের মতো কমে যায়। তবে দিনের মাঝামাঝিতে এসে বাজারে কিছুটা গতি ফিরে এসেছে।
ইয়াওয়ার সাঈদ যিনি এআইএমএস অব বাংলাদেশ এর ৭০ কোটি টাকার তহবিল সংগ্রহক জানান, "আমার মনে হচ্ছে পুঁজিবাজার এই প্রথমবারের মতো বড় ধরনের ধাক্কা খেল। দেখা যাক বাকি সময়টা কেমন কাটে।"
এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৬৪ দশমিক ৪৭ পয়েন্ট বা দুই দশমিক ৬৫ শতাংশ কমে দুইহাজার ৩৬১ দশমিক ৫১ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্য সূচক ৪৫ দশমিক ৮০ পয়েন্ট বা দুই দশমিক ৩৩ শতাংশ কমে এক হাজার ৯১৭ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত ১৪৮টি শেয়ারের মধ্যে কমেছে ১৩৫টির, বেড়েছে ১৫টির এবং আটটি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত।
দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেন হয়েছৈ মোট ৫৫ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা। সোমবার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ২০৭ কোটি টাকা।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের দিক দিয়ে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক।
এ সময়ের স্কয়ার ফার্মার শেয়ার ৫৪২৪ টাকা ২৫ পয়সা থেকে কমে ৫১৯৫ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ার ৮৯৩ টাকা থেকে কমে ৮৭৫ টাকা এবং সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার ৫৮৯ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৫৬৮ টাকা ৭৫ পয়সা হয়েছে।
তবে ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম আগের ১০১৭ টাকা ২৫ পয়সা থেকে কমে ৯৫০ টাকা ২৫ পয়সা হয়েছে। এ ছাড়া ইউসিবিএল ব্যাংকের শেয়ারের দামও কমেছে। এ ব্যাংকটির শেয়ার ৩৫৬২ টাকা ২৫ পয়সা থেকে কমে ৩৪৩০ টাকা হয়েছে।
এ ছাড়া লেনদেনের দিক দিয়ে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ার, গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং প্রাইম ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24