২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলমান ঋণ প্রবৃদ্ধি ৭% জিডিপি প্রবৃদ্ধিতে সক্ষম হবে: অর্থ উপদেষ্টা

চলমান ঋণ প্রবৃদ্ধি চলতি বছরের ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলমান ঋণ প্রবৃদ্ধি চলতি বছরের ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ে রোববার বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার (বিএসআরএস) কাছ থেকে লভ্যাংশ হিসেবে এক কোটি টাকা গ্রহণ উপলক্ষ্যে উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, "জিডিপি'র ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য ১৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধি সন্তোষজনক। আমার মনে হয় এটা আদর্শ হার।" ঋণ প্রদানের হার কমলে সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে- ব্যবসায়ীদের এমন আশংকার জবাবে উপদেষ্টা একথা বলেন। দুর্নীতিবিরোধী অভিযানসহ পরিবর্তিত পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের ওপর আস্থার অভাবে ২০০৬ এর ডিসেম্বর থেকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত অর্থবছরের জুলাই-মে সময়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে হয়েছে ১৫ দশমিক ২ শতাংশ। ২০০৫-০৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৮ শতাংশের বেশি। উপদেষ্টা বলেন, "বর্তমান ঋণ প্রবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের আশঙ্কার কোনো কারণ নেই।" আজিজুল জানান, জিডিপি প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করলে দেখা যাবে ঋণ প্রবৃদ্ধির হার স্বাভাবিক রয়েছে। বিএসআরএস এর ব্যবস্থাপনা পরিচালক এফআরএম হাফিজ উল ইসলাম ২০০৫-০৬ অর্থবছরের লভ্যাংশ হিসেবে এক কোটি টাকার একটি চেক অর্থ উপদেষ্টা কাছে হস্তান্তর করেন। শিল্প ঋণের ব্যাপারে বিএসআরএসকে আরও আধুনিক ও বিশেষায়িত করার আহ্বান জানান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে আজিজুল জানান, বিএসআরএস এর দক্ষতা বাড়ছে। তিনি জানান, ২০০৫-০৬ অর্থবছরে বিএসআরএস এর মুনাফার পরিমাণ ছিল প্রায় ১০ কোটি ৫৯ লাখ টাকা। যা ২০০৬-০৭ অর্থবছরে বেড়ে ১৭ কোটি ২৯ লাখ টাকায় পৌঁছেছে। বিএসআরএস এর বেসরকারিকরণের ব্যাপারে উপদেষ্টা জানান, তিনি এব্যাপারে তেমন কিছু জানেন না। যদিও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেসরকারিকরণের লক্ষ্যে পুঁজিবাজারে বিএসআরএস এর শেয়ার ছাড়ার ব্যাপারে একটি ফাইল তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছেন। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, এব্যাপারে ২৯ জুলাইয়ের পরিবর্তে ২ আগষ্ট একটি বৈঠক হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসকে ২২৪৭ ঘ.