ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রোববার বাণিজ্যিক ব্যাংকগুলো কি অনুপাতে তাদের গ্রাহকদের ঋণ দিয়ে থাকে সে ব্যাপারে তথ্য দেওয়ার জন্য ব্যাংকগুলোকে আদেশ দিয়েছে।
এসইসি'র চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দীকী রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কি ধরনের কাজ-কারবার চলছে তা আমরা জানতে চাই। ঠিকমতো তথ্য পেলে আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারবো।"
বাণিজ্যিক ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে এসইসি-র এক বৈঠকের পর এই আদেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ব্যাংকগুলোকে আগামী দুই দিনের মধ্যে এসংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে এসইসি। সিদ্দীকী জানান, ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো কোন ধরনের নীতিমালা অনুসরণ করে, সে সম্পর্কে তথ্য দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
পুঁজিবাজারে শেয়ারের দাম ও লেনদেন বাড়ার কারণ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বৃদ্ধি সুবিধা দায়ী এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসইসি এই বৈঠকের আয়োজন করে।
কোনো নীতিমালা না থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পূর্ণ নিজেদের ইচ্ছা অনুসারে গ্রাহকদের ঋণ দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে ঋণের পরিমাণ গ্রাহকের আমানতের পাঁচ গুণ পর্যন্ত হয়।
বৈঠকের আলোচনার বিষয় সম্পর্কে জানাতে গিয়ে সিদ্দীকী বলেন, "এ ক্ষেত্রে দায়িত্বপূর্ণ আচরণ করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন জানান, বাণিজ্যিক ব্যাংকগুলো ১ অনুপাত ১ হারে ঋণ দেওয়ার দাবি করেছে। এব্যাপারে তাদের নিজস্ব নীতিমালা রয়েছে বলেও তারা দাবি করেছে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসকে ২১৩৮ ঘ.
bdnews24