ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্বালানি, বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের শেয়ারের লেনদেন কমার কারণে বৃহস্পতিবার শেয়ার বাজার ছিল মন্দা। সকালে শুরুটা ভালো হলেও দিনশেষে নেমে গেছে সব শেয়ার সূচক।
এআইএমএস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ অবশ্য বলেন, "বিনিয়োগকারীরা বাড়তি মুনাফা তুলে নেওয়ায় পুঁজিবাজারের জন্য ভালো হয়েছে। এর ফলে বাজারে ছোট ধরনের সমন্বয় হয়েছে। মাঝে মাঝে এ ধরনের ঘটনা ভালো।"
তথ্য প্রযুক্তি, মিউচুয়াল ফান্ড, কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান ও স্কয়ার গ্র"পের শেয়ারের দাম বৃহস্পতিবার বেড়েছে। এটলাস বাংলাদেশ ও বিএসআরএস এর বেসরকারি করণের কথাবার্তা আবার শুরু হওয়ায় দাম বাড়ে তাদের শেয়ারেরও।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২১ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ২৪০১ দশমিক ৪৯ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে হয়েছে ১৯৪৪ দশমিক ৩০ পয়েন্ট।
এ দিন আকর্ষণীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ কমে ২২১৯ দশমিক ৭৯ পয়েন্ট হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪৬ কোটি টাকা। বুধবার ২৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে ৭২ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত ছিল ১৭ টির দাম।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকার বলেন, "বিনিয়োগকারিরা সতর্ক রয়েছেন এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। সমন্বয়ের কারণে অতিরিক্ত বেড়ে যাওয়া শেয়ারগুলোর দাম কমেছে।"
ব্যাংক, বিদ্যুৎ ও সিমেন্ট প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ তুলে নেওয়ায় সিএসইতে সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ৩১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ৩৭ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা ।
সিএসইতে ২৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭৪ টির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত ছিল।
বৃহস্পতিবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মা তাদের অনুমোদিত মূলধন একশ কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচশ কোটি টাকা করার ঘোষণা দিয়েছে। তাদের শেয়ারের দাম এক দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ৫৪৯৮ টাকা ২৫ পয়সা।
স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম ৩ দশমিক ২৮ শতাংশ বেড়ে ১১৯ টাকা ৬০ পয়সা হয়। তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২৫ শতাংশ কমে হয়েছে ৯১৫ টাকা ৫০ পয়সা।
দিনশেষে এনসিসি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৬ শতাংশ কমে ৩৭৭ টাকা হয়। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের শেয়ার দশমিক ১২ শতাংশ বেড়ে ৭৯৯ টাকা ৭৫ পয়সা হয়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট বিএসআরএস ও অগ্নি সিস্টেমস। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল মেঘনা লাইফ ইন্সুরেন্স, এপেক্স স্পিনিং এবং কাই অ্যান্ড কিউ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২১৫২ ঘ.
bdnews24