ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) রাজধানীতে দুশটি বিক্রয় কেন্দ্র খুলবে।
এছাড়া খুচরা বিক্রয় কেন্দ্রগুলো সচল রাখার জন্য ঢাকার বিভিন্ন স্থানে কাঁচামালের পাঁচটি পাইকারি বাজারও চালু করবে তারা।
সোমবার দুপুরে বিডিআর সদর দপ্তরে 'অপারেশন ডাল-ভাত' কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিডিআর কর্মকর্তারা এ তথ্য জানান।
অনুষ্ঠানে অপারেশন ডাল-ভাত টাস্কফোর্সের কমান্ডার কর্নেল মুজিবুল হক, সদর দপ্তরের পরিচালক (পরিচালনা ও প্রশিক্ষণ) কর্নেল হালিম ও ডাল-ভাত কর্মসূচির প্রধান সমন্বয়কারী লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ ফজলে আকবর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্নেল মুজিবুল হক জানান, রমজান মাসে রাজধানীতে মোট দুশটি বিক্রয় কেন্দ্রের মধ্যে একশটি সরাসরি পরিচালনা করবে বিডিআর সদস্যরা। বাকি একশটির মধ্যে ৫০ টি আনছার-ভিডিপি ও ৫০ টি বিক্রয় কেন্দ্র বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হবে। অবশ্য এগুলোরও তত্ত্বাবধানে থাকবে বিডিআর।
তিনি আরও জানান, বিডিআর এর একশটি বিক্রয় কেন্দ্রের মধ্যে ৫০টিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সহায়তা নেওয়া হবে।
কর্নেল মুজিব বলেন, "খুচরা বিক্রয় কেন্দ্রগুলো সচল রাখার জন্য বিডিআর রাজধানীর বিভিন্ন স্থানে কাঁচামালের পাঁচটি পাইকারি কাঁচাবাজার চালু করবে। নির্মাণকাজ শেষে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এ বাজারগুলো চালু হবে। এগুলো হলো গাবতলী ডিপজল মার্কেট, উত্তরা ৬ নাম্বার দিপু মার্কেট, উত্তরা-২ নাম্বার ফার্নিচার মার্কেট, যাত্রাবাড়ি মাওয়া রোড মার্কেট ও শহীদনগর মার্কেট।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "লোকসান দিয়ে আমরা দ্রব্য বিক্রি করছি না। বাজার থেকে কিনে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। তারপরও আমরা ব্যবসায়ীদের চেয়ে কম দামে পণ্য দিতে পারছি।"
বিডিআরের কর্মসূচি বাস্তবায়নে দ্রব্য আমদানির জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমরা এ ব্যাপারে সরকারকে আগেই অনুরোধ করেছি। মালয়েশিয়া ও ভারতসহ অনেক দেশে বিভিন্ন দ্রব্যের উপর ভর্তুকি দেওয়া হয়। আমাদেরও তাই করা উচিত।"
রাজধানীর বাইরে জেলা ও থানা পর্যায়ে বিক্রয় কেন্দ্র খোলা হবে কিনা প্রশ্ন করা হলে কর্নেল হালিম বলেন, "জেলাগুলোতে সেক্টর পর্যায়ে তিন থেকে পাঁচটি করে বিক্রয় কেন্দ্র খোলার জন্য সেক্টর সদরদপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/১৯২৭ ঘ.
bdnews24