২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকঋণের সুদ বাড়বে না, দাবি গভর্নরের

নতুন মুদ্রানীতির কারণে ব্যাংকঋণ, বিশেষ করে দীর্ঘ মেয়াদি ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়বে না বাড়বে না বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর সালাহউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নতুন মুদ্রানীতির কারণে ব্যাংকঋণ, বিশেষ করে দীর্ঘ মেয়াদি ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়বে না বাড়বে না বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর সালাহউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে শনিবার সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (এসএএফএমএ) আয়োজিত 'দারিদ্র ও বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন এসএএফএমএ সভাপতি রিয়াজুদ্দিন আহমেদ। সালাহউদ্দিন আহমেদ বলেন, "মুদ্রানীতি ঘোষণার কারণে ব্যাংকে সুদের হার বাড়তে পারে- ব্যবসায়ীদের এমন আশংকার ব্যাপারে আমরা সচেতন। কিন্তু ঘোষিত মুদ্রানীতি যেন সুদের হারকে প্রভাবিত না করে সে বিষয়টি আমরা নিশ্চিত করব।" এ ব্যপারে কেন্দ্রীয় ব্যাংক শিগগির একটি সভা করবে বলে তিনি জানান। গত ১৪ জুলাই চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য একটি 'সতর্ক মুদ্রানীতি' ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান, গত ১৮ মাসে সতর্ক মুদ্রানীতি মেনে চলার পরও অর্থের প্রবাহ ও রিজার্ভ বাড়ার কারণে বাংলাদেশ ব্যাংক নতুন করে এ ধরনের নীতি গ্রহণ করেছে। তিনি আরও জানান, গত অর্থবছরে অর্থের প্রবাহ ১৫ শতাংশ বাড়বে বলে বাংলাদেশ ব্যাংক ধারণা করলেও তা ১৯ শতাংশ বেড়েছে। সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পাঁচশ কোটি ডলার হয়েছে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর বাড়তি তারল্যের পরিমাণ হয়েছে ১০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অর্থের প্রবাহ ও রিজার্ভের পরিমাণ বিবেচনা করে মুদ্রানীতি পর্যালোচনা করতে পারে বলে ইঙ্গিত দেন গভর্নর। বাংলাদেশ অর্থনৈতিক সংস্থার সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ ও এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনও আলোচনায় অংশ নেন। মীর নাসির প্রশ্ন করেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ালে বেসরকারি খাত কীভাবে বাঁচবে। তিনি বলেন, ঋণের উচ্চহারের সুদের কারণে বেসরকারি খাত ভোগান্তি পোহাচ্ছে। চীনে সুদের হার মাত্র তিন শতাংশ ও ভারতে সাত থেকে আট শতাংশ হলেও বাংলাদেশে সুদের হার ১৪ শতাংশ। নতুন মুদ্রানীতি বেসরকারি খাতের ওপর চাপ তৈরি করবে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/২১১৪ ঘ.