২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক চাপে নত হবেন না: ব্যাংকগুলোর প্রতি আজিজুল

পাবলিক লিমিটেড কোম্পোনিতে (পিএলসি) রূপান্তরিত তিনটি সরকারি বাণিজ্যিক ব্যাংককে কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউডজ টুয়েন্টিফোর ডটকম)- পাবলিক লিমিটেড কোম্পোনিতে (পিএলসি) রূপান্তরিত তিনটি সরকারি বাণিজ্যিক ব্যাংককে কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে 'জনতা ব্যাংক: বাংলাদেশে করপোরেট সংস্কৃতির পরিবর্তন' শীর্ষক এক সেমিনারে উপদেষ্টা এ আহ্বান জানান। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী ও অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহুল আহমেদও এই সেমিনারে উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, "রাজনৈতিক সরকার রাষ্টায়ত্ব ব্যাংকগুলোতে রক্ষিত জনগণের টাকা ব্যবহারের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বেলায় চাপ দিয়ে থাকে। স্বাধীনতার পর এধরনের বহু ঘটনা আমরা দেখেছি। স্বাভাবিক কর্মকাণ্ড ও ব্যবস্থাপনার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংকগুলোর পেশাগত দক্ষতা কমে যায়।" উপদেষ্টা জানান, ব্যাংকের পরিচালনা বোর্ড যাতে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে পারে সেজন্যই সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার ইতোমধ্যে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দিয়েছে। রূপান্তরিত হওয়ার পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যাংকের মালিকানা আলাদা থাকবে। অর্থ মন্ত্রণালয়ের বদলে ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ ব্যাংকের হাতে। অবশ্য পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পরও ব্যাংকগুলোর শতভাগ শেয়ারের মালিকানা থাকবে সরকারের হাতে। পরিচালনা পর্ষদে সদস্য সংখ্যা হবে ৭ থেকে ১২ জন। তবে উপদেষ্টা জানান, ব্যাংকগুলোর মালিকানার বিষয়টি নিয়ে আরও পর্যালোনা করা হবে। সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, ব্যাংকগুলো অর্থ মন্ত্রণায়লের অধীনে থাকলেও বিগত দিনগুলোতে অর্থমন্ত্রীর চেয়ে অন্য মন্ত্রীরাই ব্যাংকের কাজে বেশি হস্তক্ষেপ করেছেন। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মাত্রাতিরিক্ত ঋণ দেওয়ার কারণে ব্যাংকগুলোর অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে লোকসান, ট্রেড ইউনিয়নবাজী ও অদক্ষতাও বেড়েছে। অর্থ জমা নেওয়া ও ঋণ দেওয়ার প্রচলিত কার্যক্রমের বাইরে এসে গ্রাহকদের নতুন পণ্য ও সেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সরকারি ব্যাংকগুলোর করপোরেটাইজেশন হলে প্রতিষ্ঠানগুলোর সেবার মান বাড়বে বলে আশা করছি।" প্রসঙ্গত, বিশ্ব ব্যাংক ও আইএমএফসহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো অনেক আগে থেকেই সরকারি ব্যাংকগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে আসছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/১৯৩৭ ঘ.