চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের আয়কর না দেওয়ার বাজে সংস্কৃতি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) বদিউর রহমান। তার মতে, শুধু চট্টগ্রামের ব্যবসায়ীরাও যদি নিয়মিত আয়কর দেন তাহলে দেশের রাজস্ব আদায়ের চিত্র পাল্টে যাবে।
বৃহস্পতিবার চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি আয়োজিত 'ব্যবসায় সততা ও মর্যাদা' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ৩১ জুলাইয়ের পর কোনোভাবেই আর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। এ সময়ের পর কারো কাছে 'অপ্রদর্শিত অর্থ' পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, গত বুধবার পর্যন্ত সারাদেশে মাত্র ২৭ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা আয়কর দেওয়ার মধ্যেমে সাদা করা হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে বদিউর রহমান বলেন, সবার সুবিধার জন্য আয়কর দেওয়ার পদ্ধতি সহজ করা হয়েছে। আয়কর দেওয়ার সময় কর কর্মকর্তারা যাতে কোনো প্রশ্ন তুলতে না পারেন সে ব্যবস্থাও করা হয়েছে।
ব্যবসায়ীদের ভয়-ভীতির উর্দ্ধে উঠে ব্যবসা করার আহবান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, "সততাই হচ্ছে ব্যবসার মূল কথা। শুধু সরকারি কর্মকর্তা নয়, ব্যবসায়ীদেরও ঘুষ সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে হবে।"
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য এজেএম নুরুদ্দীন চৌধুরী, সাউদার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান বদিউল আলীম, ভাইস-চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী ও সম্মেলন কমিটির চেয়ারম্যান সারওয়ার জাহান।
সেমিনারে ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনকে সিএসআর (করপোরেট সোশাল রেসপনসিবিলিটি) অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/টিএইচ/জেকে/১৮৪১ ঘ.
bdnews24