ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বীমা শিল্পে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে বীমা আইন ২০০৭, বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০০৭ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার । বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
সরকারের তথ্য বিবরণীতে বলা হয় এই উদ্যোগের ফলে বীমা আইন যুগপোযোগী হবে।
নতুন আইন দুটি কার্যকর হলে বীমা কোম্পানিগুলোকে পরিশোধিত মূলধন বাড়াতে হবে। কোম্পানিগুলোর ওপর নজরদারি করার জন্য বর্তমান বীমা অধিদপ্তরের জায়গায় আরো বেশি ক্ষমতা নিয়ে আসবে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
বর্তমানে বীমা কোম্পানিগুলো ১৯৩৮ সালের বীমা আইন এবং ১৯৫৮ সালের বীমা বিধি অনুযায়ী পরিচালিত হয়।
নতুন বীমা অধ্যাদেশ ২০০৭ অনুযায়ী সাধারণ এবং জীবন বীমা কোম্পানির পরিশোধিত মূলধন যথাক্রমে ১৫ কোটি এবং সাড়ে সাত কোটি টাকা থেকে ২৫ কোটি এবং ১৫ কোটি টাকা করা হবে।
এ ছাড়া বাংলাদেশের ব্যবসারত বিদেশী বীমা কোম্পানিগুলোকে কমপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা করতে হবে। তবে যেসব কোম্পানির পরিশোধিত মূলধন কম তাদের সরকার মুলধন বাড়ানোর জন্য সময় দেওয়া হবে।
এই আইনে বীমাকারীদের স্বার্থ রক্ষা করতে একটি নিরাপত্তা তহবিল গঠন করা হবে। বর্তমানে এরকম কোনো তহবিল নেই।
নতুন আইনে সঞ্চয়ে উৎসাহ দেয়ার উদ্দেশ্যে বীমা কোম্পানিগুলোকে তাদের ব্যবসার পরিধি গ্রাম অথবা সামাজিক খাতে বিস্তৃত করতে হবে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ আকার ২০ এর বেশি হতে পারবে না। এছাড়া কোনো কোম্পানির পরিচালক ওই কোম্পানিতে চাকরি করতে পারবে না।
তবে কোম্পানিগুলোকে তাদের সম্পদের বিনিয়োগ করার সুযোগসহ সহযোগী প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হবে।
বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০০৭ অনুসারে গঠিত বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইআরএ) কোম্পানিগুলোর নজরদারি ও বীমাকারীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে।
আর আইআরএ প্রতিষ্ঠার দিন থেকে বীমা অধিদপ্তর বিলুপ্ত হবে। তবে বীমা অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী আইআরএ কাজ করার সুযোগ চাইতে পারবে।
আইআরএ'র প্রধান হবেন একজন চেয়ারম্যান। আর এটি কর্মকান্ড পরিচালনা করবে নিজস্ব তহবিলের মাধ্যমে। নিবন্ধন এবং নবায়ন অনুমোদন, নিবন্ধন বাতিল, বার্ষিক চাঁদা আদায় এবং জরিমানা আরোপ করবে আইআরএ।
এছাড়া আইআরএ বীমা কোম্পানগুলোর একত্রীকরণ বা আত্মীকৃত হওয়ার বিষয়গুলোও দেখবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসপি/এমএআর/এমএইচবি/০০৫৬ ঘ.
bdnews24