মাহবুব আলম রনী
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দফায় দফায় বেড়েই চলেছে গুড়োদুধের দাম। গত এক বছরে বিভিন্ন ব্র্যান্ডের দুধের দাম ২৯ থেকে ৪৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। নিম্নবিত্ত অনেক আগেই খাদ্য তালিকা থেকে দুধের নাম বাদ দিয়েছে। মধ্যবিত্তও আর কোনো উপায় দেখছে না। কিন্তু ঘরের ছোট্ট শিশুটি যখন দুধের জন্য কেঁদে ওঠে তখন আকাশচুম্বি দাম দিয়েই দুধ কিনতে বাধ্য হচ্ছেন তারা।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর হিসাব অনুযায়ী ২০০৬ সালের ১২ জুলাই থেকে গত এক বছরে মিল্ক ভিটা দুধের এক কেজি প্যাকেটের দাম বেড়েছে ৪৭ দশমিক শূন্য ৫ শতাংশ। এছাড়া ডিপ্লোমা এক কেজি প্যাকেটের দাম ৩৬ দশমিক ১৩ শতাংশ এবং ডানোর দুই কেজি টিনের দাম ২৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
টিসিবি বৃহস্পতিবার বাজারদরের যে তালিকা প্রকাশ করেছে তাতে ডানো দুই কেজি গুড়োদুধের দাম ৯৬০ থেকে ৯৭০ টাকা, ডিপ্লোমা এক কেজি প্যাকেট ৪০০ থেকে ৪১০ টাকা, মিল্কভিটার এক কেজি প্যাকেট ৩৮৫ থেকে ৩৯০ টাকা দেখানো হয়েছে।
কিন্তু বৃহস্পতি ও শুক্রবার ঢাকার মিরপুর, হাতিরপুল, কারওয়ান বাজার, নিউ মার্কেট ও উত্তরার বিভিন্ন দোকানে দুই কেজি ডানো দুধ ৯৭০ থেকে ১০০০ টাকা, ডিপ্লোমা এক কেজি প্যাকেট ৪০৫ থেকে ৪১৫ টাকায় এবং মিল্কভিটার এক কেজি প্যাকেট ৪০০ থেকে ৪১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
টিসিবির হিসেবে গত এক মাসে ডানো দুই কেজি টিনের দাম ৮৫ টাকা বা ৯ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এই সময়ে ডিপ্লোমা এক কেজি প্যাকেটের দাম ২০ টাকা বা ৪ দশমিক ৫১ শতাংশ এবং মিল্কভিটার এক কেজি প্যাকেটের ৩০ টাকা বা ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।
এছাড়া বিভিন্ন বাজার ঘুরে ডানোর ৪০০ গ্রাম প্যাকেট ১৭২ থেকে ১৮০ টাকা, একই ওজনের অ্যাঙ্কর ও রেডকাউ ১৭০ টাকা এবং স্টার শিপ ও ফ্রেস মিল্ক ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
আর শিশুখাদ্য ল্যাকটোজেন (১) ৪০০ গ্রাম টিন ২৯৮ থেকে ৩০৫ টাকা, ল্যাকটোজেন (২) ২৯০ থেকে ২৯৫ টাকা, ল্যাকটোজেন (৩) ২৮৫ থেকে ২৯০ টাকা, বায়োমিল ২৯৫ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গ্যাস্ট্রোফিক্স, বেবি কেয়ার (১), বেবি কেয়ার (২), কমপ্লান, এনফামিল, এনসিওর প্রভৃতি দুধের ৪০০ গ্রাম টিনের দাম ২৯০ থেকে ৩০০ টাকার মধ্যে।
নিউমার্কেটের ব্যবসায়ী হারুনুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডলার ও জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দুধের দাম প্রতি সপ্তাহেই বাড়ছে।"
উত্তরায় ক্রেতা আশা আব্দুর রউফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেভাবে দুধের দাম বাড়ছে তাতে কিছুদিন পর ফিডারে দুধের বদলে পানি ভরে বাচ্চাকে খাওয়াতে হবে। অন্যান্য পণ্যের দাম বাড়ায় সরকার উদ্বিগ্ন হলেও দুধের দাম নিয়ে তাদের কোনো মাথাব্যাথা আছে বলে মনে হয় না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/১৬১২ ঘ.
bdnews24