ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বার্ষিক মুদ্রাস্ফীতির হার সাড়ে ছয় থেকে সাত শতাংশের মধ্যে রাখার লক্ষ্যে বৃহস্পতিবার ২০০৭ - ০৮ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি নীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতিকে একটি বড় বাধা হিসেবে দেখছে এবং রেপো, রিভার্স রেপো, ট্রেজারি বিল এর স্বল্প মেয়াদী সুদের হার পর্যালোচনার কথা জানিয়েছে। এছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিধিবদ্ধ জমার (এসএলআর/সিআরআর) সুদের হার পুনর্বিবেচনা করবে।
বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতে সুদের হার কমানোর জন্য বাণিজ্যিক ব্যাংগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বেসরকারি খাতের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতে বিশেষ পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার অর্ধ-বার্ষিক মুদ্রানীতিমালার চতুর্থ কিস্তি প্রকাশের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, "বর্তমানে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা। আর্থিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে আমাদের বর্তমান কার্যক্রম অব্যাহত থাকবে।"
২০০৭ এর জুন মাস পর্যন্ত গত ১৮ মাসে সংকোচনমূলক মুদ্রা নীতি চালু রাখার পরও বাংলাদেশ ব্যাংক বার্ষিক গড় মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশের মধ্যে রাখতে পারেনি। মে মাসে এহার ছিল ৭ দশমিক ০৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আশা করছেন, আসন্ন দিনগুলোতে যদি পণ্য সরবরাহের আনুষাঙ্গিক বিষয়গুলো ঠিকমতো কাজ করে তাহলে মুদ্রাস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে।
তিনি বলেন, "দ্রব্যমূল্যের স্থিতিশীলতার ক্ষেত্রে মুদ্রা নীতিমালা এবং বাণিজ্য নীতিমালার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।"
গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক দেখেছে মুদ্রার প্রবাহ হার ১৮ দশমিক ২ শতাংশে দাঁড়ায়। এটি মুদ্রাস্ফীতির পূর্বাভাস দেওয়ার একটি নির্দেশক।
বেসরকারি খাতের ঋণ প্রবাহ গত মুদ্রা নীতিমালায় নির্ধারিত লক্ষ্যমাত্রার ১৩ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ৬ শতাংশ হয়েছে।
বাজারে প্রায় দশ হাজার কোটি টাকার অতিরিক্ত মুদ্রা প্রবাহের উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, "যেসব জায়গায় নিয়ন্ত্রণ কিছুটা কম রয়েছে সেখানে কড়াকড়ি আরোপ করবো আমরা।"
তিনি জানান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের স্বল্প মেয়াদের পদ্ধতি হিসেবে রেপো এবং রিভার্স রেপো ও ট্রেজারি বিলের সুদের হার পুর্নবিবেচনা করা হবে। দীর্ঘ মেয়াদের সরকারি ট্রেজারি বিলের সুদের হারও পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, "যদি সেকেন্ডারি বন্ড মার্কেট পর্যাপ্ত পরিমাণ বাড়তো তাহলে এসব পদক্ষেপের দরকার ছিল না।"
তিনি আরও বলেন, "ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য এসএলআরও পর্যালোচনা করা হবে।"
বর্তমানে এক থেকে দুই দিনের রেপো এবং রিভার্স রেপোর সুদের হার ৯ দশমিক ২৫ শতাংশ এবং ৬ দশমিক ৫ শতাংশ। ২০০৫ সাল থেকে এই হার অপরিবর্তিত রয়েছে।
কেন্দ্রিয় ব্যাংকে ইসলামী ব্যাংক ছাড়া অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের বিধিবদ্ধ জমার হার (এসএলআর/সিআরআর) ১৮ শতাংশ এবং ইসলামী ব্যাংকের বেলায় এসএলআর/সিআরআর ১০ শতাংশ বজায় রাখতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জিএনএ/১৮৩০ ঘ.
bdnews24