ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকার পুঁজি বাজারে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচকের কাটা ২২০০ পয়েন্টের ঘর অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। দিনের মাঝামাঝিতে এসে ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির শেয়ারের বদৌলতে বাজার চাঙ্গা হয়ে ওঠে।
গত দশদিনের লেনদেন শেষে ১১তম দিনে এসে ডিজিইএন বা সাধারণ মূল্য সূচক ১০০ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়। সর্বশেষ গত ২৫ জুন ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক দুইহাজার ১২৮ দশমিক ৯২ পয়েন্টের ঘর অতিক্রম করে আগের দুই হাজার তিন দশমিক ৫৮ পয়েন্টের পুরোনো রেকর্ড ভাঙ্গে।
দিনের মাঝামাঝিতে এসে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৪ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে দুই হাজার ২১২ দশমিক ১০ পয়েন্ট হয়েছে। এ ছাড়া ডিএসআই বা সার্বিক মূল্য সূচক একই হারে বেড়ে এক হাজার ৮১৫ দশমিক ১৩ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
মোট লেনদেন হয়েছে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৬৭টির এবং ১৪টি কোম্পানির শেয়ার রয়েছে অপরিবর্তিত।
বেলা ১১টা ৪৯মিনিট পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৮৭ কোটি ২৪ লাখ টাকা। সোমবার দিন শেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৩৬ কোটি টাকা।
মঙ্গলবার দিনের মাঝামাঝি পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার, পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং ডেসকো।
সামিট পাওয়ারের শেয়ারের দাম সোমবারের ৯৫৮টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার এক টাকা হয়েছে। গতকালের পতনের পর পাওয়ার গ্রিডের শেয়ারের দামও বেড়েছে। এর শেয়ার ৫৯২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৬০৭ টাকা হয়েছে।
তবে স্কয়ার ফার্মার শেয়ার তিন হাজার ৭৭১ টাকা থেকে কমে হয়েছে তিন হাজার ৭৪৭ টাকা। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়াদের দাম ৭৫১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৭৬৬ টাকা ২৫ পয়সা এবং ডেসকোর শেয়ার ৯৬৭ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৯৮৪ টাকা হয়েছে।
এ ছাড়া লেনদেনের শীর্ষে থাকা কোম্পানির মধ্যে রয়েছে এবি ব্যাংক, শাহজালাল ব্যাংক, অগ্নি সিস্টেমস, আল আরাফা ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩২০ ঘ.
bdnews24