২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক, আইসিটি ও বিদ্যুৎ খাতের শেয়ারের দাম বেড়েছে

লেনদেন কমলেও শেয়ারবাজারে সোমবার ব্যাংক, আইসিটি ও বিদ্যুৎ খাতের শেয়ারের দাম ছিল চড়া। অবশ্য এদিন দাম কমেছে মিউচুয়াল ফান্ড, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সিমেন্ট খাতের শেয়ারের। এআইএমএস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ লেনদেন কমার কারণ হিসেবে বলেন, "বাজারে নতুন আইপিও প্রবেশ করবে, তাই বিনিয়োগকারীরা শেয়ার কেনার জন্য টাকা সংগ্রহ করছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:23 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- লেনদেন কমলেও শেয়ারবাজারে সোমবার ব্যাংক, আইসিটি ও বিদ্যুৎ খাতের শেয়ারের দাম ছিল চড়া। অবশ্য এদিন দাম কমেছে মিউচুয়াল ফান্ড, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সিমেন্ট খাতের শেয়ারের। এআইএমএস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ লেনদেন কমার কারণ হিসেবে বলেন, "বাজারে নতুন আইপিও প্রবেশ করবে, তাই বিনিয়োগকারীরা শেয়ার কেনার জন্য টাকা সংগ্রহ করছেন।" ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনানসিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) ও ট্রাস্ট ব্যাংকের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দুটি প্রতিষ্ঠান বড় মূলধন নিয়ে বাজারে আসবে এবং তাদের সুনাম রয়েছে। আইএলএফএসএল এর নিবন্ধন শেষ হবে ৮ জুলাই এবং ট্রাস্ট ব্যাংকের নিবন্ধন শুরু হবে ১৫ জুলাই। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৩৬ কোটি টাকা। রোববার ডিএসইতে ১৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৭ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২১৯৭ দশমিক ৬৪ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ১৮০২ দশমিক ৪৭ পয়েন্ট হয়। আকর্ষণীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে ১৮৮০ পয়েন্ট হয়েছে। সোমবার ব্যাংক, আইসিটি, চামড়া ও জুতা শিল্প এবং বিদ্যুৎ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সিএসইতেও সবগুলো সূচক ঊর্ধ্বমুখী ছিল । অবশ্য দিনশেষে লেনদেন আগের দিনের ২২ কোটি ৯২ লাখ টাকা থেকে কমে ২২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা হয়েছে। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের মোট লেনদেনের হয়েছে ৯ কোটি ৩২ লাখ টাকা। তাদের শেয়ারের দাম ২ দশমিক ৬২ শতাংশ বেড়ে ৭৫১ টাকা ৫০ পয়সা হয়। সামিত পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৯৫৮ টাকা ৫০ পয়সা হয়। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি একটি ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি পেয়েছে। তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ১৬ শতাংশ কমে তিন হাজার ৭৭১ টাকা হয়। পাওয়ার গ্রিডের শেয়ার দশমিক ০৪ শতাংশ বেড়ে ৫৯২ টাকা ৭৫ পয়সা হয়েছে। এবি ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ৬৭ শতাংশ বেড়ে হয় এক হাজার ৬৭০ টাকা। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল মর্ডান সিমেন্ট, এক্সেল সিওর সুজ ও আল আরাফা ব্যাংক। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল। সায়হাম পাওয়ার প্লান্টের সঙ্গে কোনো সম্পর্ক না থাকার বিষয়টি প্রকাশের প্রতিষ্ঠানটির শেয়ারের বিক্রি কমে যায়। অপর ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল মিথুন নিট ওয়্যার ও বিজিআইসি। দিনশেষে ডিএসইতে ৯৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত ছিল ১৬ টির দাম। সিএসইতে ৫৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৭ টির দাম কমেছে এবং আটটির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২২১৪ ঘ.