ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সোমবার মাঝদিনে এসে ঢাকার পুঁজি বাজারে দ্বিতীয় দিনের মতো পতন দেখা দিয়েছে। লেনদেন শুরুর আধঘণ্টার মধ্যেই বাজারে পতন দেখা দেয়।
এই সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক রোববার দিনের শেষের সূচকের চেয়ে দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ কমে দুইহাজার ১৮৯ দশমিক ৭১ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্য সূচক দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ কমে এক হাজার ৭৯৫ দশমিক ৩৭ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
বেলা ১১টা ৪১ মিনিট পর্যন্ত মোট ১৬৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৭৫টির এবং ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত।
এ সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা। রোববার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৪৭ কোটি টাকা।
লেনদেনের দিক দিয়ে শীর্ষে রয়েছে এবি ব্যাংক। এর পরপরই গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, এআইএমএস ফার্স্ট এমএফ, ব্র্যাক ব্যাংক এবং আল আরাফা ব্যাংকের অবস্থান।
ক্রেতাদের চাহিদার কারণে এবি ব্যাংকের শেয়ারের দাম রোববারের এক হাজার ৫৮০ টাকা থেকে বেড়ে এক হাজার ৬৪৬ টাকা হয়েছে।
তবে দাম কমেছে গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের। এর শেয়ার ৫২ টাকা ২০ পয়সা থেকে কমে ৫১ টাকা ৬০ পয়সা হয়েছে।
এ ছাড়া এআইএমএস এর শেয়ারের দাম পাঁচ টাকা ১২ পয়সা থেকে কমে পাঁচ টাকা ১১ পয়সা, ব্র্যাক ব্যাংকের শেয়ার ৭৩২ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৭৪০ টাকা, আল আরাফা ব্যাংকের শেয়ার তিন হাজার ১৪ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে তিন হাজার ২৯৯ টাকা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১২৩০ ঘ.
bdnews24