ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে রোববার দিনের মাঝামাঝিতে এসে ঢাকার শেয়ার বাজারে কিছুটা পতন দেখা দিয়েছে।
এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক এক দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমে দুইহাজার ১৯৬ দশমিক ৮৩ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক দুই দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে এক হাজার ৮০৩ দশমিক ২২ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
বেলা ১২টা ১০মিনিট পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১৮৫টি কোম্পানির শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ৭৮টির কমেছে, ৮৮টির এবং ১৯টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত।
লেনদেন হয়েছে মোট ৭৭কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। বৃহস্পতিবার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৬১ কোটি টাকা।
দিনের মাঝামাঝি এসে লেনদেনের দিক দিয়ে শীর্ষে রয়েছে সামিট পাওয়ার। এর পরই গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, এআইএমএস ফাস্ট এম এফ, এবি ব্যাংক এবং হাইডেলবার্গ সিমেন্টের অবস্থান।
সামিট পাওয়ারের শেয়ারের দাম ৯৩৩ টাকা থেকে বেড়ে ৯৪৭ টাকা হযেছে। চারটি ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের সঙ্গে কোম্পানিটির চুক্তি হওয়ার পর এর শেয়ারের দাম বেড়েই চলছে।
এ ছাড়া গ্রামীণ ওয়ান এমএফ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এর শেয়ার ৪৯ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৫২টাকা ১০ পয়সা হয়েছে। এআইএমএস ফাস্ট এমএফ এর শেয়ারের দাম চার টাকা ৮৮ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১৮ পয়সা, এবি ব্যাংক এক হাজার ৪৯৯ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৫৮০ টাকা হয়েছে।
হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দামও বেড়েছে। এর শেয়ার এক হাজার ২৪১ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ২৭৫ টাকা ৫০ পয়সা হয়েছে।
লেনদেনের দিকে দিয়ে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, লাফার্জ সুরমা, ব্র্যাক ব্যাংক এবং শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম কমে গেছে। তবে বেড়েছে বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24