ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের প্রথমদিনে প্রায় সব খাতের শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজার ছিল চাঙ্গা।
দুপুরের দিকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় লেনদেনে কিছুটা ভাটা পড়লেও অল্প সময়েই ধাক্কা সামলে নেয় পুঁজিবাজার।
এআইএমএস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, "নতুন অর্থবছরের প্রথম দিনটি ভালোভাবেই শুরু হয়েছে। সব শেয়ার সূচকের অবস্থাই ভালো।"
তিনি বলেন, "বাজেটে সরকারের নতুন শুল্ক কাঠামো বিনিয়োগকারীদের লেনদেনে আগ্রহী করেছে। তারা ব্যাংকগুলোর শেয়ার থেকে বেশি লাভ করার চেষ্টা করায় এই খাতের শেয়ারের দাম বেড়েছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ সূচক নতুন রেকর্ড করেছে। ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪১ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ৯১ শতাংশ বেড়ে ২১৯০ দশমিক ৪৬ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩২ দশমিক ৫৫ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১৭৯৬ দশমিক ৭৩ পয়েন্ট হয়। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৮৯৭ দশমিক ৫৫ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ২০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৩৪ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ৩৯ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগেরদিন লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা ।
সোমবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা এক্সিম ব্যাংকের মোট লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ১১ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৪৩৭ টাকা হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৩ দশমিক ০৩ শতাংশ বেড়ে ৬০২ টাকা ২৫ পয়সা হয়। শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ৭ দশমিক ১৫ শতাংশ বেড়ে ২৫০ টাকা ৭৫ পয়সা হয়।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৭৬৭ টাকা ৫০ পয়সা হয়। ডেসকোর শেয়ার ৩ দশমিক ৫০ শতাংশ কমে ৯৮৮ টাকা হয়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল এক্সেলসিওর সুজ, বিডি ওয়েল্ডিং ও এনটিসি। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল লংকাবাংলা ফিন্যান্স, রূপালী ইন্সুরেন্স ও আরামিট।
দিনশেষে ডিএসইতে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম। সিএসইতে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৯টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে
bdnews24