ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ব্যাংক ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের বদৌলতে সোমবার দিনের মাঝামাঝিতে এসে ঢাকার পুঁজিবাজার চাঙ্গা হয়ে ওঠেছে।
দিনের শুরু থেকেই পুঁজিবাজার উর্ধ্বমুখী থাকলেও মাঝখানে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে লেনদেনে কিছুটা পতন দেখা দেয়। তবে মাঝ দুপুরের আগেই বাজার সেই সাময়িক ধাক্কা সামলে এখনও উর্ধ্বমূখী।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৩৬ দশমিক ৮৭ পয়েন্ট বা এক দশমিক ৭১ শতাংশ বেড়ে দুই হাজার ১৮৬ দশমিক ১৯ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৩০ দশমিক ৪৪ পয়েন্ট বা এক দশমিক ৭২ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৭৯৪ দশমিক ৬২ পয়েন্ট।
বেলা সোয়া বারোটা পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৩৩টির এবং ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত।
মাঝ দুুপুর পর্যন্ত বাজারে মোট লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকা। বৃহস্পতিবার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৩৪ কোটি টাকা।
সোমবার লেনদেনের দিক দিয়ে শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক। এর পর পরই যথাক্রমে ডেসকো, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং পাওয়ার গ্রিড অফ বাংলাদেশের অবস্থান। চাহিদার কারণেই এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের শেয়ারের দাম ৩৯০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪২১ টাকায় লেনদেন হচ্ছে।
এ ছাড়া ডেসকোর শেয়ার দাম ৯৫৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৯৯৫ টাকা হয়েছে। মূলত এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের সঙ্গে ডেসকোর ঋণ সহায়তা চুক্তির পর থেকেই রাষ্ট্রায়ত্ব এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়ছেই।
দাম বেড়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারেরও। বৃহস্পতিবারের ৭৬০ টাকা থেকে বেড়ে এখন প্রতিষ্ঠানটির শেয়ার ৭৭৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে। শাহজালাল ব্যাংকের শেয়ার ২৩৪ টাকা থেকে বেড়ে ২৪৫ টাকা এবং পাওয়ার গ্রিডের ৫৮৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৫৯২ টাকা হয়েছে।
এ ছাড়া লেনদেনের দিক দিয়ে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো পূবালী ব্যাংক, গ্রামীণ ওয়ান এমএফ, সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএল এবং হাইডেলবার্গ সিমেন্ট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১২৫৯ ঘ.
bdnews24