২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ পর্যন্ত ১৭টি ব্যাংক শাস্তি পেয়েছে মুদ্রাপাচার অধ্যাদেশে

মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০২ কার্যকর করার পর এর আওতায় এ পর্যন্ত ১৭টি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০২ কার্যকর করার পর এর আওতায় এ পর্যন্ত ১৭টি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার মহানগর শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে আর্থিক দুর্নীতির ওপর আয়োজিত এক কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান। তিনি বলেন, "এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে আমরা ৩৭২টি সন্দেহজনক লেনদেন প্রতিবেদন পেয়েছি। এর মধ্যে ১৭টি ব্যাংককে বিধিভঙ্গের কারণে মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০২ এর আওতায় শাস্তি দেওয়া হয়েছে।" সিটি ব্যাংক এনএ আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রধান নির্বাহী মামুন রশিদ। বিশেষ অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমেদ বলেন, মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ কার্যকর করায় আর্থিক অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। তিনি জানান, মুদ্রাপাচারের সংজ্ঞা নির্ধারণের জন্য ২০০২ সালের অধ্যাদেশটি সংশোধনের উদ্যোগ নিয়েছি আমরা। প্রস্তাবিত মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ এ স্টক এক্সচেঞ্জ, বীমা প্রতিষ্ঠান, আবাসন ব্যবসা, বিভিন্ন পেশাজীবী ও সাব রেজিস্ট্রি কার্যালয়কেও অর্ন্তভুক্ত করা হয়েছে। অর্থ সংক্রান্ত গোয়েন্দা শাখা গঠনের বিষয়ে গভর্নর বলেন, "এই শাখা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের তথ্য নথিভুক্ত, রক্ষণাবেক্ষণ ও বিশ্লেষণের কাজ করবে। তাছাড়া আর্থিক অপরাধ চিহ্নিত করার জন্য তারা বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট আর্ন্তজাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখবে।" ১০০টি দেশের আর্থিক গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত গ্রুপে যোগ দেওয়ার জন্যও বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/এমএইচবি/২০৪৮ ঘ.