ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কারখানার যন্ত্রাংশ ও কাঁচামালের ওপর শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করায় স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে না দাবি করে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম মনে করছেন এতে করে এই খাতে লাভের পরিমাণ কিছুটা বাড়তে পারে।
২০০৭ - ০৮ অর্থবছরের বাজেট কিছুটা উচ্চাভিলাষী হয়েছে বলে সমালোচকদের অভিযোগ স্বীকার করে উপদেষ্টা বলেন, বাজেটের আকার, অর্থায়ন এবং ঘাটতি বিবেচনায় এটা যথেষ্ট বাস্তব সম্মত।
শনিবার ২০০৭ - ০৮ অর্থবছরের বাজেট পরবর্তী ব্রিফিং-এ বাণিজ্য উপদেষ্টা বলেন, "শুল্ক হার শিল্পায়নকে বাধাগ্রস্ত করবে, এটা ভুল ধারণা।"
তিনি বলেন, "২০ শতাংশ সম্পূরক শুল্ক বাদ দিলে আমদানিকারকদের সঙ্গে উৎপাদনকারীদের খরচের ব্যবধান ৪৯ দশমিক ২৭ শতাংশ কমবে এবং উৎপাদনকারীরা লাভবান হবে। সম্পূরক শুল্ক আরোপিত হলে এই ব্যবধান হতো ৭৭ দশমিক ৮৭ শতাংশ। সুতরাং স্থানীয় বাজারের ক্ষতি হবার প্রশ্নই আসেনা। মাঝারি পণ্য উৎপাদনকারীদের স্বার্থও দেখতে হবে।"
কারখানার কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানির ওপর আরোপিত শুল্ক অভ্যন্তরীণ শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে বলে ব্যবসায়ীদের আশংকার ব্যপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব মন্তব্য করেন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ - ০৮ অর্থবছরের জন্য ৮৭ হাজার ১৩৭ কোটি টাকার বাজেট পাশ করে। এই বাজেটে কাঁচামাল এবং যন্ত্রপাতির ওপর শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং মধ্যম পণ্যের শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে।
ব্রিফিং এ উপস্থাপিত প্রতিবেদন অনুসারে, তালিকাভুক্ত ২৯৯ টি পণ্য শূণ্য থেকে ৫ শতাংশ শুল্কের আওতায় না থাকায় 'শূণ্য শুল্ক' সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এসব পণ্যের শুল্ক ১০ শতাংশ ধার্য করা হয়েছে।
আরও এক হাজার ৫৫৭ টি পণ্যের শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া এক হাজার ৭৮০ টি পণ্যের শুল্ক ১২ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ ধার্য করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান বলেন, বাস্তবে শুল্ক বৃদ্ধির পরিমান মাত্র এক শতাংশ কারণ ৪ শতাংশ অবকাঠামো উন্নয়ন সারচার্য এবং ৫ শতাংশ এসআরও সুবিধা তুলে নেওয়া হয়েছে।
তিনি বলেন, "৮০ শতাংশ রপ্তানিমুখী শিল্পকারখানা পূর্বের শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে থাকবে।"
তিনি জানান, নতুন বাজেটে কর ও শুল্ক কাঠামোর পরিবর্তনের ফলে প্রাথমিকভাবে জাতীয় কোষাগারে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হবে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি অনুমোদিত নতুন বাজেটে টেলিযোগাযোগ যন্ত্রাংশ, মোবাইল এবং ফিক্সড ফোন সেট, কম্পিউটার যন্ত্রাংশ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রাংশ, গুঁড়া দুধ, পোল্ট্রি এবং সিম কার্ডের ওপর শুল্ক কমানো হয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বাজেটে কিছু বলা হয়নি এমন অভিযোগের জবাবে উপদেষ্টা বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ত্রিমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রিমুখী পদক্ষেপ হলো - শুল্ক কর্তন, অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং বিকল্প বিপণন ব্যবস্থা গ্রহণ।"
২০০৭ - ০৮ অর্থবছরের বাজেটের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ অর্জন সম্ভব বলে সাংবাদিকদের জানান উপদেষ্টা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জিএনএ/২২৫০ ঘ.
bdnews24