২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া খাত থেকে বছরে ১২ হাজার কোটি টাকা আয় সম্ভব

দেশের চামড়া খাত থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে প্রায় ২৮০০ কোটি টাকা। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদক ও রপ্তানিকারকরা দাবি করেছেন, এই খাতের পুরো উৎপাদন ক্ষমতা ব্যবহার করা গেলে বছরে ১২ হাজার কোটি টাকা আয় করা সম্ভব। আর এজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের চামড়া খাত থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে প্রায় ২৮০০ কোটি টাকা। দেশের চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদক ও রপ্তানিকারকরা দাবি করেছেন, এই খাতের পুরো উৎপাদন ক্ষমতা ব্যবহার করা গেলে বছরে ১২ হাজার কোটি টাকা আয় করা সম্ভব। আর এজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। শনিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সম্মেলন কক্ষে 'চামড়া ও চামড়াজাত পণ্য: একটি উদীয়মান খাত' শীর্ষক সেমিনারে বক্তারা চামড়া শিল্পের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি টিপু সুলতান তার বক্তব্যে বলেন, চামড়া খাত থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে প্রায় ২৮০০ কোটি টাকা। এই খাতের শিল্প কারখানাগুলোর পুরো উৎপাদন ক্ষমতা ব্যবহার করা গেলে বছরে ১২ হাজার কোটি টাকা আয় করা সম্ভব। তবে এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, স্থানীয়ভাবে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করে ক্রাস্ট চামড়া হিসেবে রপ্তানি করলে লাভের হার ৮২ থেকে ৮৫ শতাংশ বাড়ে। ক্রাস্ট চামড়াকে ফিনিশড করে রপ্তানি করলে এই হার আরো ৪০ থেকে ৪৫ শতাংশ বাড়ানো যায়। আর ফিনিশড চামড়াকে পণ্যে রূপান্তরিত করলে আরো ৪০ থেকে ৪৫ শতাংশ লাভ যোগ হয়। চামড়া শিল্প থেকে রপ্তানি আয় বাড়ানোর জন্য সরকারের সহযোগিতার ওপর জোর দেন টিপু সুলতান। তিনি বলেন, কারিগরী ও প্রযুক্তিগত সুবিধা সরবরাহ, প্রশিক্ষণ ও চামড়া শিল্প নগরীর দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এছাড়া যেসব চামড়া শিল্প প্রতিষ্ঠান স্থানান্তর করা হবে সেসব প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিকভাবে মোট ২৫০ কোটি টাকা প্রদান এবং চামড়া শিল্প নগরীকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে শিল্প প্রতিষ্ঠানগুলোকে কর অবকাশ (ট্যাক্স হলিডে) সুবিধা দেওয়ার দাবি জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের সদস্য মুহাম্মদ আবদুল মজিদ বলেন, চামড়া শিল্পের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ তৈরি পোশাক শিল্পের চেয়েও বেশি। যথাযথ গুরুত্ব দিলে এই খাত থেকে আরো বেশি আয় করা সম্ভব।" এজন্য 'ফিনিশড প্রোডাক্ট' এর পাশাপাশি 'ফুটওয়্যার' খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানান তিনি। বাস্তবায়নাধীন চামড়া শিল্প নগরী সম্পর্কে আবদুল মজিদ বলেন, চামড়া শিল্প কারখানাগুলোকে স্থানান্তরের নামে রাজধানী থেকে সরিয়ে দিলেই হবে না। প্রকল্প স্বয়ংসম্পূর্ণ করে তাদের স্থানান্তর করতে হবে এবং এজন্য তাদেরকে প্রয়োজনীয় সুবিধা দিতে হবে। আবদুল মজিদ বলেন, "চামড়া শিল্পকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প (এসএমই) হিসেবে ঘোষণা দিতে হবে যাতে এসএমই খাতের সুবিধাগুলো তারাও পায়। এতে চামড়া শিল্প মালিকদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে। শিল্প ও বণিক সমিতির সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ বলেন, আমরা ৮ কোটি ৬০ লাখ বর্গফুট ভালো মানের চামড়া রপ্তানি করে বছরে আয় করি মাত্র ২৫ কোটি ৭০ লাখ ডলার। অথচ ভিয়েতনাম একই পরিমাণ চামড়া থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় করে প্রায় ২০০ কোটি ডলার। এ থেকেই বোঝা যায় আমাদের চামড়া শিল্প কতোটা সম্ভাবনাময়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজনেস প্রমোশন কাউন্সিল এর সমন্বয়ক ও যুগ্ম সচিব গোলাম হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/১৭৫৭ ঘ.