ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকায় হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প এলাকায় গড়ে তোলা বিজিএমইএ ভবনটি রাজউকের কোন অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রকল্প সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণায়ের বৈঠক শেষে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "বিজিএমইএ ভবনটি তৈরিতে রাজউকের কোন অনুমোদন নেওয়া হয়নি।"
তিনি বলেন, যেহেতু বিজিএমইএ ভবনটি অবৈধ ভাবে গড়ে উঠেছে তাই এর পরিণতি র্যাংগস ভবনের মতই হওয়া উচিত। (আরও তথ্যসহ-১)
তবে বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ দাবি করেছেন বৈধভাবেই তারা এই ভবন নির্মাণ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, " আমাদের কাছে ভবন নির্মান সংক্রান্ত সকল কাগজপত্র ও প্রমাণ রয়েছে। আমরা কোনও ধরনের দায়িত্বহীন কাজ করিনি।"
উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এক প্রশ্নের জবাবে বলেন, "কেন এরকম একটা অবৈধ ভবন কোন অনুমোদন ছাড়াই গড়ে উঠলো তা আমি বলতে পারব না। পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করুন।"
হোটেল সোনারগাঁয়ের পেছনে হাতিরঝিল প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, প্রকল্পটি ৩০২ একর জমির ওপর করার কথা ছিল। তবে এতে প্রায় ৪০০ স্থাপনা ভাঙতে হবে। এতগুলো স্থাপনা যাতে ভাঙতে না হয় সেজন্য এখন ২৫০ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করার চিন্তাভাবনা করা হচ্ছে।
তবে এতেও প্রায় ১৫০ টি স্থাপনা ভাঙ্গতে হবে বলে জানান তিনি।
হাতিরঋিল প্রকল্প এলাকায় রেলওয়ে বিভাগ বিভিন্ন প্রতিষ্ঠানকে যেসব জমি লিজ দিয়েছে তা বাতিল করার জন্য ইতিমধ্যেই যোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন "বিষয়টি নিয়ে আমি শিগগিরই যোগাযোগ উপদেষ্টার সঙ্গে কথা বলব।"
গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ এসএম রশিদুল হাই বলেন, "রাজউকের কাছ থেকে অনুমোদন না করিয়ে ভবনটি করা হয়েছে। এটা আমি শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। আইন সবার জন্য সমান। সবার চোখের সামনে দিয়ে এতবড় ভবন উঠেছে অথচ কেউ দেখলো না। এটা এখন ক্ষতিয়ে দেখা হবে।"
তিনি জানান, এ ব্যাপারে রাজউকের কোন গাফিলতি থাকলে অবশ্যই সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিজিএমইএ কখনো কোনো নিয়মবর্হিভুত কাজ করেনি। তারপরও কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে অনভিপ্রেত মন্তব্য করছেন। তারা চান র্যাংসভবনের সঙ্গে এ প্রসঙ্গটি মিলিয়ে ভিন্নখাতে প্রবাহিত করতে।"
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, "রাজউকের কাছ থেকে নকশা অনুমোদনের জন্য কাগজপত্র জমা দেওয়ার সময় নিয়মানুযায়ী সব প্রতিষ্ঠান, যেমন ডেসা, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র ২০০৩ সালের ১১ জানুয়ারি জমা দেওয়া হয়।"
জানানো হয়, "২০০৩ সালের ১৪ জুলাই রাজউকের বোর্ড সভায় বিজিএমইএ'র ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়। ২০০৪ সালের ২২ জানুয়ারি রাজউকের বিসি কমিটির সভায় ভবন নির্মাণের নকশা অনুমোদন করা হয়। রাজউকের পরামর্শক হিসাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাতিরঝিল প্রকল্পের জরিপ কাজ ও উন্নয়ন প্রস্তাব চূড়ান্ত করে রাজউকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এবং সেই অনুযায়ী ভবনটি যথাস্থানে রয়েছে।"
আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত পরিবেশবাদী আন্দোলনের নেতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ঝিল দখল করে অবৈধবাবে ভবনটি গড়ে উঠায় জলধার আইন ভঙ্গ করা হয়েছে। হাতিরঝিলটি হচ্ছে রাজধানী ঢাকার পানি নিষ্কাশনে বড় জলাধার।
তিনি জানান, এই ভবনটি যখন করা হয় তখন পরিবেশবাদীরা এটার বিরুদ্ধে আন্দোলন করেছিল। কিন্তু এ ব্যাপারে তখন কোন ইতিবাচক ফলাফল আসেনি।
পরিবেশ আইনজীবী সমিতি ( বেলা) নির্বাহী পরিচালক রিজওয়ানা সিদ্দিকী এই ভবন নির্মাণের কঠোর সমালোচনা করে বলেছেন, হাতিরঝিল হয়ে বেগুনবাড়ি খালের ঠিক মুখে বিজিএমইএ ভবনটি নির্মাণ করা হয়েছে। ঢাকার পয়নিষ্কাশনের দুই তৃতীয়াংশ এই খালটি দিয়ে হতো। এখানে এই ভবন নির্মাণের জন্য বিজিএমই-কে জমি দিয়ে খুবই ন্যক্কারজনক কাজ করেছে সরকার। আর ব্যবসায়ী সংগঠনটি কোনো ধরণের দায়িত্বশীলতা না দেখিয়ে চাতুর্যপূর্ণভাবে সেখানে বিশাল ভবনটি নির্মাণ করেছে।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, জায়গাটি জলাভূমি হিসেবে চিহ্নিত। সেখানে ভবন নির্মাণ করার কোনো সুযোগ নেই। সরকার সেখানে কীভাবে জায়গা দিল এবং রাজউক কীভাবে ভবন করার অনুমতি দিল তা খতিয়ে দেখা প্রয়োজন। পরিবেশবাদীরা এ নিয়ে অনেক আন্দোলন করেছে কিন্তু কোনো কাজ হয়নি।
নজরুল ইসলামের বলেন, ব্যবসায়ীদের এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। তারা অন্য কোনোখানে ভবন করতে পারতো। ব্যবসায়ীরা অনেক ভালো কাজ করেছেন, তার মানে এই নয় যে, খারাপ করলে তা বৈধতা পাবে। বরং উচ্চপর্যায়ের কোনো ব্যক্তি খারাপ কাজ করলে সেটা উদাহরণ হয়ে যায়। আর এত বড় একটি সংগঠন এমন কাজ করেছে এটাকে তো সবাই দৃষ্টান্ত হিসেবে দেখাবে।
পরিবেশবাদী সংগঠন 'পরিবেশ বাঁচাও' আন্দোলনের আহ্বায়ক আবু নাসের খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, লেকগুলো ঢাকা শহরের শিরা। এগুলোকে যে কোনো মূল্যে বাঁচানোর জন্য আন্দোলন চলছে। বিজিএমইএ ভবন নির্মাণের আগে থেকেই এ বিষয়ে পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন। তিনি এ বিষয়ে উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, বিজিএমইএ ভবন ভেঙে হলেও খালটি উদ্ধার করা উচিত।
গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের অধীনে হাতিরঝিল প্রকল্পের জন্য সরকার প্রথমিকভাবে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এরমধ্যে ১৫০ কোটি টাকা জাপান সরকারের কাছ থেকে ঋণ নেওয়া হবে। বাকি ৫০ কোটি টাকা বাংলাদেশ সরকার দেবে।
প্রকল্পে ঝিলের দুপাশে ১০ কিলোমিটার দীর্ঘ রাস্তা থাকবে। প্রস্থ হবে ৪২ ফুট এবং এখানে দুইটি লেন থাকবে। পাশাপাশি থাকবে ওয়াক ওয়ে। রাস্তা তৈরী করার দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার বিভাগের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এইচডি/এমএইচএস/আরএ/জিএনএ/এমএইচবি/২৩১৮ ঘ.
bdnews24