ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদেশি বিনিয়োগ কমে আসায় দেশে বেসরকারি খাতের বিনিয়োগও উল্লেখযোগ্য হারে কমে গেছে। চলতি অর্থবছরে বেসরকারি বিনিয়োগের পরিমাণ আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৪ শতাংশ কমে গেছে।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৭ এর পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে বিদেশি বিনিয়োগ ১৫ হাজার ৬০১ কোটি টাকা কমেছে। এর প্রভাবে দেশে বেসরকারি খাতের বিনিয়োগ হ্রাস পেয়েছে।
সরকারের বার্ষিক পর্যালোচনায় বলা হয়, "মূলত বিদেশি ও যৌথ বিনিয়োগ কমে যাওয়ার কারণেই দেশে বেসরকারি এই বিনিয়োগ কমে গেছে।"
অবশ্য গত অর্থবছরের তুলনায় স্থানীয় বিনিয়োগের পরিমাণ ৩৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।
চলতি অর্থবছরের জুলাই-ফেব্র"য়ারি সময়ে মোট ২৫ হাজার ২৩৯ কোটি টাকার ১৫১৬টি প্রকল্প নিবন্ধন করেছে বিনিয়োগ বোর্ড। এর মধ্যে ১৫ হাজার ৮৫৩ কোটি টাকার ১৩৮৬টি প্রকল্প নিবন্ধন করেছেন স্থানীয় উদ্যোক্তারা এবং বিদেশি বিনিয়োগকারীর ৯ হাজার ৩৮৫ কোটি টাকার ১৩০টি প্রকল্প নিবন্ধন করেছেন।
অন্যদিকে ২০০৫-০৬ অর্থবছরের ওই সময়ে বিনিয়োগ বোর্ডে ৪৩ হাজার ৩৫৬ কোটি টাকার ১৮৮৯টি প্রকল্পের নিবন্ধন করা হয়েছিল। এর মধ্যে ২৪ হাজার ৯৮৬ কোটি টাকার প্রকল্প ছিল বিদেশি বিনিয়োগকারীদের এবং ১৮ হাজার ৩৭০ কোটি টাকার প্রকল্প নিবন্ধন করেছিলেন স্থানীয় বিনিয়োগকারীরা।
সরকারি এই প্রতিবেদনে বিনিয়োগ হ্রাসের কারণ হিসেবে ২০০৬ এর শেষ ভাগের রাজনৈতিক সহিংসতা এবং অস্থির অবস্থাকে চিহ্নিত করেছে। এছাড়া কয়েকটি বড় বিদেশি বিনিয়োগ প্রস্তাবের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তহীনতাকেও বিনিয়োগ কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
২০০৬-০৭ অর্থবছরে নিবন্ধিত স্থানীয় বিনিয়োগ প্রস্তবগুলোর মধ্যে ৭০ দশমিক ২৩ শতাংশ টেক্সটাইল খাতে, ৮ দশমিক ০১ শতাংশ রাসায়নিক দ্রব্য তৈরি খাতে এবং ৭ দশমিক ৭৩ শতাংশ সেবা খাতের।
বিদেশি বিনিয়োগ প্রস্তাবগুলোর ৮৫ দশমিক ৬৫ শতাংশ সেবা এবং ৭ দশমিক ৮৯ শতাংশ টেক্সটাইল খাতের।
বিনিয়োগ বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন তারা।
অবশ্য তিনি বলেন, "বিনিয়োগ বোর্ডে কোনো বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের অর্থ হচ্ছে ওই বিনিয়োগকারী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবেন। এটি এক ধরনের অঙ্গিকার, প্রকৃত অর্থে বিনিয়োগ নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24