ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭-০৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে যশোর ও পটুয়াখালী পৌরসভা।
যশোর প্রতিনিধি জানান, পৌর চেয়ারম্যান এসএম কামরুজ্জামান চুন্নু বুধবার ২০০৭-'০৮ অর্থ বছরের জন্য ১৮ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৩৪৮ টাকার বাজেট ঘোষণা করেন। একইসঙ্গে গত বছরে ১৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৭০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন তিনি।
গত অর্থবছরে গৃহ ও ভূমি কর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক কোটি টাকা কম আদায় হলেও এবার তার চেয়ে ১ কোটি ৯৫ লাখ ৫০৪ টাকা বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ খাতের আয় ধরা হয়েছিল ৫ কোটি ৮২ লাখ ৭ হাজার ২৭৪ টাকা।
চেয়ারম্যান এসএম কামরুজ্জামান চুন্নু জানান, এবারই প্রথম মুক্তিযোদ্ধা পরিবারের গৃহকর মওকুফ করা হয়েছে।
সর্বশেষ প্রকাশিত গেজেট অনুযায়ী যশোর শহরে ৩২৮টি মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে।
এছাড়া পয়ঃনিষ্কাশন, রাস্তা ঘাট নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে ৫ কোটি ৩৩ লাখ ৪ হাজার ৭২১ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান কামরুজ্জামান চুন্নু।
পটুয়াখালী প্রতিনিধি জানান, নতুন কোনও করারোপ না করেই ২০০৭-০৮ অর্থ বছরের জন্য ১৮ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৪৪৯ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর সামসুদ্দিন।
একইসঙ্গে গত অর্থ বছরের ১০ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৬১৫ টাকার সংশোধিত বাজেটও উত্থাপন করেন তিনি।
নতুন বাজেটে প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৯৫ হাজার টাকা, উন্নয়ন খাতে সরকারি অনুদান ১ কোটি ২০ লাখ ২০ হাজার এবং প্রকল্প খাতে অনুদান বাবদ ৭ কোটি ৫৬ লাখ টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার, উন্নয়ন খাতে ১ কোটি ২০ লাখ ৮ হাজার এবং প্রকল্প খাতে ৭ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা। বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৪৪৯ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০৩৯ ঘ.
bdnews24