ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লভ্যাংশ ঘোষণার তথ্য আগে থেকেই জেনে নিয়ে যমুনা ব্যাংকের শেয়ার কেনার অভিযোগে সোমবার ওই ব্যাংকের দুই স্পন্সর শেয়ার হোল্ডারসহ তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে মোট ১৩ লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ ধরনের সুবিধাভোগী ব্যবসার অভিযোগে এই প্রথমবারের মতো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
একইসঙ্গে আইন ভাঙার অভিযোগে ওই তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের কেনা ৭ লাখ শেয়ারের লেনদেনের ওপর দুই বছরের জন্য নিষিদ্ধাজ্ঞা দিয়েছে এসইসি।
অভিযুক্তরা হলেন, যমুনা ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার আলহাজ নূর মোহাম্মদ, তাসমিন আক্তার চৌধুরী, তাসমিনের বোন নাসরিন আক্তার চৌধুরী এবং স্ট্যান্ডার্ড গ্র"প, স্ট্যান্ডার্ড স্টিচেস, ঢাকা ইনসুরেন্স ও অ্যামোটেক্স লিমিটেড।
যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত আগে থেকে জেনে নিয়ে অতিরিক্ত লাভের জন্য শেয়ার কিনতে শুরু করেছিলেন তারা।
এসইসির চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুবিধাভোগী লেনদেনের বিষয়ে ভবিষ্যতে আরও কঠিন সাজার ব্যবস্থা করা হবে। আমি আশা করছি, এই শাস্তির মাধ্যমে শেয়ার বাজারে অংশগ্রহণকারীরা আইন মেনে চলার বিষয়ে আরো বেশি সচেতন হবেন।"
এসইসির গত বছরের একটি তদন্তে দেখা যায়, যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০০৬ সালের ২৭ এপ্রিল এক বৈঠকে দেড় শতাংশ নগদ এবং ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেয়। আর স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে এই সিদ্ধান্ত জানার সুযোগ নিয়ে অভিযুক্তরা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা করার আগেই ব্যাংকটির শেয়ার কিনতে শুরু করেন।
এই সুবিধাভোগী লেনদেনের শাস্তি হিসেবে যমুনা ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার আলহাজ নূর মোহাম্মদকে দুই লাখ টাকা জরিমানা করেছে এসইসি। তিনি তার কেনা ৩২ হাজার শেয়ার আগেই বিক্রি করে ফেলেন।
এছাড়া যমুনা ব্যাংকের অপর স্পন্সর শেয়ার হোল্ডার তাসমিন আক্তারকে দুই লাখ টাকা জরিমানা এবং তার এক লাখ ১৫ হাজার ৫০০ শেয়ারের লেনদেন স্থগিত করেছে এসইসি। একই সঙ্গে নাসরিন আক্তারকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং সুবিধাভোগী লেনদেনের মাধ্যমে কেনা ৪ লাখ ১৯ হাজার ৮৫০টি শেয়ারের লেনদেন স্থগিত করা হয়।
এছাড়া, অ্যামোটেক্স লিমিটেডকে একলাখ টাকা জরিমানা এবং তাদের কেনা ৪০ হাজার শেয়ারের লেনদেন স্থগিত করেছে এসইসি। যমুনা ব্যাংকের অন্যতম স্পন্সর শেয়ার হোল্ডার হাসনাত মোশাররফ এই প্রতিষ্ঠানটির প্রধান প্রতিনিধি।
স্ট্যান্ডার্ড গ্র"পকে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা। তাদের কেনা ৫১ হাজার শেয়ারের লেনদেনও স্থগিত করা হয়েছে। স্ট্যান্ডার্ড স্টিচকে একলাখ টাকা জরিমানা এবং ৫০ হাজার শেয়ারের লেনদেন স্থগিত করা হয়েছে।
যমুনা ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার একেএম মেশাররফ হেসেন স্ট্যান্ডার্ড গ্র"পের চেয়ারম্যান এবং স্ট্যান্ডার্ড স্টিচেসের প্রধান নির্বাহী।
এছাড়া ঢাকা ইন্সুরেন্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। যমুনা ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার ফজলুর রহমান এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির নামে কেনা ১১ হাজার শেয়ারের লেনদেনও স্থগিত করেছে এসইসি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২২২৮ ঘ.
bdnews24