ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্কয়ার ফার্মা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) শেয়ারের দাপটের দিনে বুধবার দুই শেয়ার বাজারই চাঙ্গা ছিল।
অবশ্য মুনাফা তুলে নেওয়ায় এদিন মিউচুয়াল ফান্ড ও সিমেন্ট খাতের শেয়ারের দরপতন ঘটেছে। জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো একটি মিশ্র দিন কাটিয়েছে।
এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আতাউর রহমান বলেন, "শেয়ার বাজারের অস্থিরতা কমে এসেছে বলেই মনে হচ্ছে। কিছু ব্যাংকের শেয়ারের দাম ওঠানামা করলেও বাজার মোটামোটি গোছানো একটি রূপ পেয়েছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ২০৭৪ দশমিক ৫৪ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১০ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১৬৯৬ দশমিক শূন্য ১ পয়েন্ট হয়।
আকর্ষনীয় ডিএসই-২০ ব্লুুচিপ শেয়ার সূচক ১৩ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ১৮৪৯ দশমিক ৩৪ পয়েন্ট হয়।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জেও সব শেয়ার সূচক ছিল উর্ধ্বমূখী।
রোববার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) মোট ১৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) বুধবার ২২ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা ।
শেয়ারের ওপর আকর্ষণীয় মুনাফা ঘোষণা করায় রোববার লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মাসিটিক্যালস এর শেয়ারের দাম ১ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৮৮৭ টাকা ৫০ পয়সা। এদিন স্কয়ার ফার্মার ১০ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউসিবিএল ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ১১ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ২৭৩১ টাকা হয়েছে।
এছাড়া সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১৫ শতাংশ কমে ৪৭৪ টাকা ৭৫ পয়সা এবং প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৮১৩ টাকা ২৫ পয়সা হয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর শেয়ারের দাম দশমিক ৮৯ শতাংশ কমে ৫৮২ টাকা ৭৫ পয়সা হয়।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল রোজ হ্যাভেন বল পেন, ইউসিবিএল ও নিটল ইনসুরেন্স। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনত্যম ছিল পিপল ইনসুরেন্স, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ও আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড।
দিনশেষে ডিএসইতে ৮৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত ছিল ১৩ টির দাম। সিএসইতে ৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫০ টির দাম কমেছে এবং ৬ টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/জেকে/২২৫৭ ঘ.
bdnews24