ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অর্থ উপদেষ্টা মির্জ্জা এবি মো. আজিজুল ইসলাম বলেছেন, সরকারি পাটকলগুলো আর টেকসই অবস্থায় নেই। ভর্তুকি দিয়ে এই খাতকে কতদিন বাঁচিয়ে রাখা যাবে তা নিয়ে আমাদের এখনই ভাবতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "সরকারি মালিকানাধীন পাটশিল্প কারখানাগুলো এখন আর লাভজনকভাবে টিকতে পারছে না। একটি রপ্তানিমুখী খাত হয়ে ওঠার কথা থাকলেও পাটশিল্প এখন ভর্তুকিনির্ভর শিল্পে পরিণত হয়েছে। ভর্তুকি দিয়ে এই খাতকে কতদিন বাঁচিয়ে রাখা যাবে তা নিয়ে সরকারকে এখনই ভাবতে হবে। আমি পাটবিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে আলোচনায় বসতে চাই।"
কিছুদিন আগে কয়েকটি সরকারি পাটকলে শ্রমিকদের বকেয়া বাবদ ৩২ কোটি টাকা পরিশোধের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "এই টাকা কোত্থেকে আসবে? কাউকে না কাউকে তো শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করতেই হবে।"
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "অভ্যন্তরীণ সম্পদ ও বিদেশি সাহায্যের ওপর ভিত্তি করেই এ বাজেট তৈরি হয়েছে। সুতরাং বাজেটের টাকা কোত্থেকে আসবে তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০.৮ শতাংশ। এটা মোটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নয়।"
বাজেটে বিদেশি ঋণ পাওয়ার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাকে যথেষ্ট বাস্তবসম্মত হিসেবে অভিহিত করে উপদেষ্টা বলেন, "পাইপ লাইনে যথেষ্ট ঋণ প্রস্তাব রয়েছে। কিন্তু অর্থ পাওয়ার বিষয়টি নির্ভর করবে আমাদের প্রকল্প বাস্তবায়নের সামর্থ্যরে ওপর।"
৫.৬ শতাংশ ঘাটতি বাজেটকে 'সামান্য বেশি' হিসেবে অভিহিত করলেও সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ৭ হাজার ৫২৩ কোটি টাকার দায় নেওয়ার কারণেই বাজেট ঘাটতি বেড়ে গেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
প্রস্তাবিত বাজেটে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফিতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষমাত্রাকেও অর্জনযোগ্য ও বাস্তবসম্মত হিসেবে উল্লেখ করেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির জন্য দেশের বর্তমান বিপণন ব্যবস্থাকে দায়ী করে উপদেষ্টা বলেন, "বহু বছর ধরে এই ব্যবস্থা গড়ে উঠেছে। রাতারাতি আমরা সবকিছু বদলে ফেলতে পারব না। তবে বিকল্প একটি ব্যবস্থা দাঁড় করানোর চেষ্টা চলছে। এ কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজে বিডিআরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।"
সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য এম সাইদুজ্জামানের সভাপতিত্বে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যাবসায়ী ও সরকারি কর্মকর্তারা এই আলোচনা সভায় অংশ নেন। সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য্য মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এএল/জেকে/এমএইচবি/১৮৫৭ ঘ.
bdnews24