ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৭--০৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আগামী ১৪ জুন বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণের মতামত নেওয়া হবে। চিঠি ও ই--মেইলের মাধ্যমে দেশের যে কেউ মতামত জানাতে পারবেন। ইতোমধ্যে শতাধিক ব্যক্তির মতামত পেয়েছে মন্ত্রণালয়।
অর্থ উপদেষ্টা মির্জ্জা এবি মো. আজিজুল ইসলাম সোমবার সাংবাদিকদের এসব কথা জানান।
উপদেষ্টা বলেন, "এবারই প্রথম জনগণকে বাজেট প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হলো।"
এ বিষয়ে দুটি কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, "মতামত পর্যালোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুটি কমিটি করা হয়েছে। দুই কমিটির অধীনে ১০টি উপকমিটিও থাকবে। তারা জনসাধারণের মতামত পর্যালোচনা করে আমার কাছে সুপারিশ করবেন।"
এসব সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে বাজেট প্রস্তাব পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জেকে/জিএনএ/১৭১৬ ঘ.
bdnews24