ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অর্থনীতিতে এখন মন্দাভাব বিরাজ করছে। এটা কাটিয়ে ওঠার জন্য দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকার এখনই নির্বাচনের দিন, তারিখ ঘোষণা করলে পরিস্থিতির পরিবর্তনের আভাস বিনিয়োগকারীদেও উৎসাহী করে তুলতে পারে।
২০০৭--০৮ অর্থ বছরের বাজেট নিয়ে রোববার উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অর্থনীতিবিদ ড. আতিউর রহমান সাংবাদিকদের একথা বলেন।
বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়ের সহযোগী প্রতিষ্ঠান সমুন্নয় বাজেটোত্তর এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় বাজেট নিয়ে উপস্থাপিত একটি লিখিত পর্যালোচনায় বলা হয়, এবারের বাজেটটি সংসদহীন এক অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে দেওয়া হয়েছে। এই বাজেটের প্রভাবে মন্দাভাব তীব্র হওয়ার আশঙ্কা জানানো হয়।
পাশাপাশি চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে ৩০ দশমিক ৩৭ শতাংশ বর্ধিত কলেবরে হাজির করা ৮৭ হাজার ১৩৭ কোটি টাকার অংকটি বড় হয়েছে বলেও পর্যালোচনায় উল্লেখ করা হয়।
পর্যালোচনায় বলা হয়, এবারের বিশাল আয়তনের বাজেটটি অর্থনীতির ওপর বড় চাপ ফেলবে। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বিগত বছরে যেখানে প্রবৃদ্ধি কমেছে সেখানে একইরকম নীতি বহাল রেখে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।
ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানো, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ট্রাস্টি আইনে নিবন্ধিত গবেষণা প্রতিষ্ঠানকে রেয়াতি আয়করের সুবিধা দেওয়া, মোবাইল কোম্পানির জন্য ৪৫ শতাংশ কর হার প্রস্তাব এবং স্টক এক্সচেঞ্জে নিবন্ধনের ক্ষেত্রে ১০ শতাংশ রেয়াতি সুবিধা, নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক কমানোর প্রশংসা করা হয় পর্যালোচনায়।
একইসঙ্গে অভ্যন্তরীণ কর আদায়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী মন্তব্য করে বলা হয়, অর্থনীতিতে যখন মন্দাভাব চলে এসেছে তখন অতিরিক্ত করের বোঝা মন্দাভাবকে তীব্র করবে। বাজার সংকোচনের ফলে বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং তাতে রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
পর্যালোচনায় আরও বলা হয়, কেবল মশুর ডাল ও ভোজ্যতেলের ওপর থেকে শুল্ক প্রত্যাহার এবং চাল ও গম আমদানি দ্বিগুণ করা হলেই নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম কমবে না। বাজার ব্যবস্থার তদারকি জোরদার এবং উচ্ছেদ করা দোকানপাট, হাটবাজার পুনর্বাসন করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। মোবাইল ফোন ও কম্পিউটারের মূল্যবৃদ্ধি নেতিবাচক প্রভাব ফেলবে বলে উল্লেখ করা হয়।
ডিজেলের দাম বাড়ায় আগামী অর্থ বছরে কৃষিখাতে উৎপাদন ব্যয় এক হাজার কোটি টাকা বাড়বে। অথচ ভর্তুকি দেওয়া হবে ৭৫০ কোটি টাকা। সমুন্নয় কর্তৃপক্ষ এটা বাড়িয়ে বর্ধিত উৎপাদন ব্যয়ের সমান করার দাবি জানায়। একই সঙ্গে সারের ওপর চাপ কমানোর জন্য পশ্চিমবঙ্গের মতো ভূমির গুণাগুণ পরীক্ষা করে সারের মাত্রা নির্ধারণ করে দেওয়া, ভর্তুকি সরাসরি কৃষকের কাছে পৌঁছে দিতে চলতি ভোটার পরিচয়পত্র তৈরি কার্যক্রমের সঙ্গে কৃষি পরিচয়পত্র তৈরি এবং কৃষি গবেষণার জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দের পুরোটাই প্রকৃত গবেষণা কাজে ব্যয় করার প্রস্তাব দেয়।
শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হলেও কেবল বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য ১০ কোটি টাকা এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ ছাড়া গুণগত মানোন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেই বলে সমালোচনা করা হয়। এতে স্বাস্থ্যখাতের ব্যয়কে পরিকল্পিত এবং জনগণকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।
বৈদেশিক ঋণের ক্ষেত্রে কঠিন ও অবমাননাকর শর্ত মেনে ঋণ নেওয়ার যৌক্তিকতা নেই মন্তব্য করে বলা হয়, প্রবাসীদের পাঠানো অর্থ এবং রপ্তানী বৃদ্ধির কারণে এখন যেনতেনভাবে ঋণ নেওয়ার প্রয়োজন নেই। ঋণের সুদ পরিশোধে এবার দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার বিষয়টিকে নেতিবাচক প্রবণতা হিসেবে মন্তব্য করা হয়েছে ওই পর্যালোচনা পত্রে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসডি/কেএম/১৪৪২ ঘ.
bdnews24